দৌলতদিয়ায় সক্রিয় মাদক ও নারী পাচারকারী চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দিয়ে মাদক পাচার বেড়ে গেছে। পাশাপাশি দৌলতদিয়া যৌনপল্লিতে শিশু-কিশোরীদের এনে বিক্রি করার ঘটনাও আশঙ্কাজনকহারে বেড়েছে। একটি চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং প্রেমের ফাঁদে ফেলে শিশু-কিশোরীদের এখানে আনছে। গত সাত মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ যৌনপল্লি থেকে ২২টি শিশু উদ্ধার করেছে।অপর একটি চক্র তরুণী ও নারীদের ব্যবহার করে এ ঘাট দিয়ে প্রতিদিন ফেনসিডিলসহ প্রচুর পরিমাণে মাদকদ্রব্য নিয়ে আসছে। এসব মাদক যৌনপল্লিসহ আশপাশের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। গতকাল সোমবার ভোররাতে ভ্যানিটিব্যাগে (মেয়েদের হাতব্যাগ) করে ফেনসিডিল পাচারের সময় পুলিশ দৌলতদিয়াঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে এক নারীকে আটক করে। তাঁর নাম সুফিয়া বেগম। তিনি যশোরের চৌগাছা উপজেলার চান্দা গ্রামের বাসিন্দা। মাত্র ৭০০ টাকার জন্য তিনি ফেনসিডিল বহন করছিলেন বলে এ প্রতিনিধির কাছে জানান। একই কৌশলে পাচারের সময় ২৭ জুলাই মধ্যরাতে দৌলতদিয়া লঞ্চঘাট মোড় থেকে যশোরের ঝিকরগাছা থানার আউশিংড়ী গ্রামের নুসরাত জাহানকে (১৮) আটক করে পুলিশ। গত ২৩ জুলাই ঢাকাগামী বিভিন্ন পরিবহন থেকে পুলিশ মানিকগঞ্জের দৌলতপুর তেরশ্রী গ্রামের রমজান মাস্টারের মেয়ে সুমাইয়া খানম, যশোরের চাচরা রেলগেট এলাকার আনোয়ারা বেগম ও মেহেরপুর সদরের মল্লিক শেখের ছেলে বাবু শেখকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। সুমাইয়া খানম বলেন, তিনি তিন-চার বছর ধরে এ পেশায় আছেন। এক বোতল ফেনসিডিল যশোর থেকে ঢাকায় পৌঁছে দিলে ১০০ টাকা করে পান। এতে গড়ে মাসে তাঁর ১৫ থেকে ১৬ হাজার টাকা আয় হয়। গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গোয়ালন্দঘাট থানায় ৮০টি মাদকের মামলা হয়েছে। এসব মামলায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।একটি চক্র দেশের বিভিন্ন স্থান থেকে দরিদ্র পরিবারের শিশু ও কিশোরীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌনপল্লিতে এনে বিক্রি করছে। ২৭ জুলাই এখান থেকে পুলিশ তিন শিশু ও এক গৃহবধূকে উদ্ধার করে। উদ্ধার হওয়া নাটোরের সিংড়া উপজেলার এক কিশোরী (১৬) জানায়, উদ্ধারের দুই দিন আগে নারায়ণগঞ্জ যাওয়ার সময় ঢাকার ফার্মগেটে এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। নারায়ণগঞ্জ যাওয়ার কথা বলে বাসায় নিয়ে পরদিন তাকে দৌলতদিয়া এনে যৌনপল্লির সরদারনি সাফিয়া বেগমের কাছে বিক্রি করে দেন ওই নারী। উদ্ধার হওয়া গৃহবধূ (২২) জানান, স্বামী আরেকটি বিয়ে করায় তিনি কাজের সন্ধানে তিন মাস আগে ঢাকায় আসেন। দূর সম্পর্কের এক আত্মীয়র কাছে আশ্রয় নেওয়ার পর জাকির নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। জাকির ঢাকা মেডিকেলে চাকরি দেওয়ার কথা বলে তাঁকে যৌনপল্লির সরদারনি সাফিয়া বেগমের কাছে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন।গোয়ালন্দঘাট থানা সূত্রে জানা গেছে, ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের মে পর্যন্ত যৌনপল্লি থেকে পুলিশ ১২ কিশোরীকে উদ্ধার ও ১২ জন পাচারকারীকে গ্রেপ্তার করে। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার বলেন, ঈদের সময় চাহিদা বেড়ে যাওয়ায় মাদক ব্যবসায়ীরা যেমন তৎপর রয়েছে, তেমনি পুলিশের হাতে ধরাও পড়ছে। এ ছাড়া প্রায়ই অভিযান চালিয়ে যৌনপল্লি থেকে শিশু ও কিশোরীদের উদ্ধার করা হচ্ছে।