দৌলতদিয়ায় সব ঘাট যেকোনো মুহূর্তে বন্ধ হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙনের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে চারটি ঘাটের মধ্যে মাত্র দুটি চালু রয়েছে। এ কারণে পাটুরিয়া ঘাট এলাকায় প্রায়ই যানজট লাগছে। ছবিটি গতকাল দুপুরে পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তোলা l প্রথম আলো
ভাঙনের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে চারটি ঘাটের মধ্যে মাত্র দুটি চালু রয়েছে। এ কারণে পাটুরিয়া ঘাট এলাকায় প্রায়ই যানজট লাগছে। ছবিটি গতকাল দুপুরে পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তোলা l প্রথম আলো

রাজবাড়ীর দৌলতদিয়ায় চলছে ঘাট ভাঙা-গড়ার খেলা। চারটি ঘাটের মধ্যে গত মঙ্গলবার সকালে বন্ধ হওয়া ৩ নম্বর ঘাটটি গতকাল বুধবার সকালে চালু করার কথা ছিল। মঙ্গলবার সারা দিনে মেরামতকাজের অগ্রগতিও হয় অনেকটা। কিন্তু গভীর রাতে পদ্মার প্রচণ্ড স্রোতে আবার ভেঙে যায় ঘাটের প্রায় ৩০ ফুট সড়ক। এ ছাড়া ২ নম্বর ঘাট গতকাল সন্ধ্যা পর্যন্ত চালু করা যায়নি।
গতকাল বুধবার দুপুরে এই অচলাবস্থার মধ্যে আটকে ছিল কয়েক শ গাড়ি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা বলছেন, এই অবস্থা চলতে থাকলে ঈদের আগে ঘাটগুলো চালু করা নিয়ে অনিশ্চয়তা তো থাকছেই, এমনকি যেকোনো মুহূর্তে সব ঘাট বন্ধ হয়ে যেতে পারে।
বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, গত জুনের মাঝামাঝি থেকে পদ্মায় ভাঙন দেখা দেয়। এতে বিপর্যয়ের মধ্যে পড়ে দৌলতদিয়ার চারটি ফেরিঘাটের সব কটি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত একটি ঘাট চালু করলে অন্য একটি বিপর্যয়ের মুখে পড়ে। এভাবে যানবাহন পারাপার ব্যাহত হতে থাকে। কিছুদিন বিরতির পর আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে পদ্মার পানি কমতে থাকলে স্রোত ও ভাঙন বেড়ে যায়।
বিআইডব্লিউটিএ জানায়, ১ ও ৪ নম্বর ঘাট চালু থাকলেও গতকাল বুধবার পর্যন্ত তীব্র ভাঙন অব্যাহত থাকায় বিভিন্ন রুটের গাড়িগুলো ফেরিতে ওঠানামা করছে ঝুঁকি নিয়ে। প্রবল স্রোতের বিপরীতে চলতে না পেরে কয়েকটি ফেরি মাঝেমধ্যে অকার্যকর হয়ে পড়ছে। ভাঙনের কারণে রোববার রাত সাড়ে ১০টার দিকে ২ নম্বর ঘাটের র্যা মের নিচ থেকে সড়কের প্রায় ২৫ ফুট অংশ বিলীন হয়ে যায়। নতুন করে ঘাট তৈরির কাজ করে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে র্যা মের সংযোগ সড়ক বিলীন হলে ৩ নম্বর ঘাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দিনরাত কাজ করে ঘাটটি বুধবার সকালে চালুর প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু গভীর রাতে সংযোগ সড়কের প্রায় ৩০ ফুট এবং গতকাল বুধবার দুপুরে আরও প্রায় ১০ ফুট ধসে যায়।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, ভাঙনে সব ভেস্তে যাচ্ছে। ঘাটের কাছে স্রোত ও ঘূর্ণনের মাত্রা এমন বেড়ে গেছে, যেকোনো মুহূর্তে সব কটি ঘাট বন্ধ হয়ে যেতে পারে। তিনি বলেন, ‘তারপরও আশার কথা হলো, ভাঙন না হলে বুধবার রাতের মধ্যে ৩ নম্বর এবং বৃহস্পতিবার বিকেলে ২ নম্বর ঘাট চালু করা যাবে।’
গতকাল দুপুরে ঘাটে গিয়ে দেখা যায়, ১ নম্বর ঘাটে মেরামতকাজ চলছে। বিশেষ যন্ত্র দিয়ে ২ নম্বর ঘাটে সড়ক তৈরি এবং ৩ নম্বর ঘাটে র্যা ম উঁচু করে সড়ক মেরামতের কাজ চলছে। ৪ নম্বর ঘাটে ভাঙন অব্যাহত থাকায় কয়েকজন শ্রমিক বাঁশের পাইলিং দিয়ে জিও ব্যাগ ফেলার কাজ করছেন। স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘২৪ বছর ধরে ঘাটে মাছের ব্যবসা করি। এযাবৎ এই অবস্থা দেখি নাই।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ফেরি যথেষ্ট থাকলেও ঘাটসংকটে কয়েকটি
ফেরি বসা রয়েছে। বিআইডব্লিউটিএ দ্রুত ঘাট চালু করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।