ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শুক্রবার রাত আটটা থেকে নয়টা এবং রাত দুইটা থেকে গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত দুই দফায় সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। মাওয়া-কাওড়াকান্দি নৌপথে গত শুক্রবার রাত ১০টা থেকে আট ঘণ্টা ফেরিসহ নৌযান চলাচল বন্ধ থাকে। এতে যানবাহনের যাত্রী, চালক ও ঘাটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।এ সময় ঢাকায় যাওয়ার পথে মাঝ পদ্মায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক আটকা পড়েন।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকেই নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে রাত আটটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করে কুয়াশা কমে গেলে রাত নয়টায় ফেরি চলাচল শুরু হয়। পরে নৌপথ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়লে রাত দুইটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী কেরামত আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, আমানত শাহ, কুমারী ও কপোতী নামের পাঁচটি ফেরি ৭০টি যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়।যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া প্রান্তে একটি এবং দৌলতদিয়ায় চারটি ফেরি নোঙর করে। পরে গতকাল সকাল আটটার দিকে ফেরি চলাচল শুরু হয়।বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি কার্যালয় সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার তীব্রতায় নদীর মধ্যে নৌযান চলাচলের নির্দেশক বাতি ও মার্কিং পয়েন্ট দেখতে না পারায় চালকেরা ফেরি নদীর মধ্যে নোঙর করেন। মাঝ পদ্মায় শতাধিক যানবাহন ও অসংখ্য যাত্রী নিয়ে যশোর, রুহুল আমিন, ফরিদপুর, রানীক্ষেত, থোবাল ও রায়পুরা নামের ছয়টি ফেরি আটকা পড়ে।