দৌলতদিয়ায় সেই সড়ক মেরামত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-খুলনা মহা-সড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার সড়ক মেরামতের কাজ গত শনিবার বিকেলে শুরু হয়েছে। ‘দুই মিনিটের রাস্তা, পার হতে আধা ঘণ্টা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন গত শুক্রবার প্রথম আলোয় ছাপা হলে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর পরদিন থেকে তা সংস্কারের উদ্যোগ নেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক সরু হওয়ায় এবং সড়কে অসংখ্য খানাখন্দ থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি সড়কের দৌলতদিয়া অংশের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে প্রায় যানজট তৈরি হয়। গতকাল সোমবার দুপুরে ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, সওজের একটি ট্রাকে করে এনে কিছু ইট-সুরকি ফেলে সড়কের গর্ত ভরাট করে যান চলাচলের উপযোগী করা হচ্ছে। সওজ, রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম গতকাল সোমবার বলেন, প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হওয়ার পর সওজ, রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়ের নির্দেশে ফেরিঘাটের সংযোগসড়কের বিভিন্ন স্থানে মেরামতকাজ শুরু করা হয়। আরও দু-এক দিন এই কাজ চলবে।