দৌলতদিয়ায় ১০ দিন ধরে একটি ঘাট বন্ধ
খননকাজ অব্যাহত রাখতে রাজবাড়ীর দৌলতদিয়ায় ১০ দিন ধরে তিন নম্বর ফেরিঘাটটি বন্ধ রয়েছে। এ ছাড়া গতকাল মঙ্গলবার সকাল থেকে একটি ফেরি বিকল থাকায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এতে বিকেল পর্যন্ত আড়াই শতাধিক বিভিন্ন যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে ছিল।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, নাব্য সংকটের কারণে তিন নম্বর ফেরিঘাটের পন্টুনের সামনে বেসিনে পলি অপসারণের জন্য ১৪ অক্টোবর থেকে খননকাজ চলছে। এ ছাড়া ঘাটের সামনে ড্রেজারের বিভিন্ন যন্ত্রাংশ রাখায় কোনো ফেরি ভিড়তে না পারায় ঘাটটি বন্ধ থাকছে। বাকি দুই নম্বর ঘাটের দুটি পকেট ও এক নম্বর ঘাটের একটি পকেট দিয়ে যানবাহনগুলো ফেরিতে ওঠানামা করছে।ঈদুল আজহা সামনে রেখে নিয়মিত বিভিন্ন গাড়ির সঙ্গে গরুবাহী ট্রাকের যাতায়াত বেড়ে গেছে। ফলে সোমবার রাত থেকে ঘাটে চাপ পড়তে শুরু করেছে। একই সঙ্গে গতকাল মঙ্গলবার সকালে রো রো ফেরি আমানত শাহ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, দুটি ঘাটের তিনটি পকেট দিয়ে যানবাহন স্বাভাবিক গতিতে পারাপার করে সারতে না পারায় চাপ পড়তে শুরু করেছে।