দৌলতদিয়ায় ৩ নম্বর ঘাট চালু, বন্ধ ২ নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়ায় ৩ নম্বর ঘাটটি গত বৃহস্পতিবার বিকেলে চালু হয়েছে। এ ছাড়া পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ২ নম্বর ঘাটের র্যাম্পের মাথা তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ রয়েছে। বর্তমানে চারটি ঘাটের মধ্যে তিনটি চালু রয়েছে। এতে করে যানবাহন পারাপার কিছুটা ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ৩ নম্বর ঘাটের র্যাম্পের মাথা তলিয়ে গেলে গত সোমবার দুপুর থেকে ঘাটটি বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে বিআইডব্লিউটিএ ঘাটটি লো-ওয়াটার লেভেল থেকে মিড-ওয়াটার লেভেলে নিয়ে বসায়। বৃহস্পতিবার বিকেল নাগাদ ঘাটটি চালু করা সম্ভব হলেও বুধবার মধ্যরাত থেকে ২ নম্বর ঘাটের র্যাম্পের মাথা তলিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার ৩ নম্বর ঘাট চালু হওয়ার পর বাধ্য হয়ে ২ নম্বর ঘাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে দৌলতদিয়ার ১, ৩ ও ৪ নম্বর ঘাট চালু রয়েছে।
বিআইডব্লিউটিএর দৌলতদিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম জানান, আগে ২ নম্বর ঘাটটি ইউটিলিটি ঘাট ছিল। পরবর্তী সময়ে সেটি ৪ নম্বর ঘাটে বসিয়ে ৪ নম্বর ঘাটের পন্টুনটি ২ নম্বর ঘাটে বসানো হয়। পানি বৃদ্ধির কারণে র্যাম্পের মাথা তলিয়ে যাওয়ায় মিড-ওয়াটার লেভেলে বসানো হবে। কিন্তু পাশে পর্যাপ্ত জায়গা না থাকা এবং ঘাট রক্ষায় বালুর বস্তা ফেলানো থাকায় কাজে সমস্যা হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, এভাবে ঘাট বন্ধ হলে ঈদুল ফিতরের সময় বিপাকে পড়ার আশঙ্কা রয়েছে।