মিলনায়তনে দলীয় সমাবেশ করতে না পেরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন ভবনের মূল ফটকে আজ সোমবার তালা ঝুলিয়ে দেন স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা। দুপুর পৌনে দুইটা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত এ অবস্থা ছিল। এ সময় প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে দুইটার দিকে দৌলতপুর উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা উপজেলা প্রশাসন ভবন মিলনায়তনে দলীয় সভা করার জন্য চাবি চান। ইউএনওর অনুমতি ছাড়া কর্মচারীরা মিলনায়তনের চাবি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক কমিটির সদস্য ছাদিকুজ্জামান সুমনের নির্দেশে যুবলীগের কর্মীরা প্রশাসন ভবন থেকে কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দেন। এরপর তাঁরা সব কক্ষসহ ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রশাসন ভবন চত্বরে ইউএনওর অপসারণের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিকেল পৌনে পাঁচটার দিকে নেতা-কর্মীরা তালা খুলে দিয়ে চলে যান।
দৌলতপুরের ইউএনও অরুণ কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রোববার আওয়ামী লীগের নেতা ছাদিকুজ্জামান মুঠোফোনে উপজেলা প্রশাসন ভবনের মিলনায়তনে সভা করার জন্য অনুমতি চান। তবে দলীয় অনুষ্ঠান করার বিধান না থাকায় অনুমতি দেওয়া হয়নি। ইউএনও জানান, ঘটনার সময় সরকারি কাজে তিনি কার্যালয়ের বাইরে ছিলেন। খবর পেয়ে নিরাপত্তার অভাবে তিনি কার্যালয়ে যেতে পারেননি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
অভিযোগের বিষয়ে জানতে ছাদিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া গেছে।
তবে আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল কাদের এ ব্যাপারে বলেন, প্রশাসন ভবনের মূল ফটকে তালা লাগানো হলেও অন্য কক্ষে তালা লাগানো হয়নি। উত্তেজিত নেতা-কর্মীরা এমনটা করেছেন বলে তিনি মন্তব্য করেন। পরে তালা খুলে দেওয়া হয়।