দৌলতপুর কলেজের ছাত্রীরা আতঙ্কে
কুষ্টিয়ার দৌলতপুর ডিগ্রি কলেজের সাধারণ ছাত্রীরা নামধারী ছাত্রলীগের তিনজন নেতার কাছে শ্লীলতাহানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সমঞ্চান রক্ষায় ইতিমধ্যে একজন ছাত্রী ছাড়পত্র নিয়ে অন্য কলেজে চলে গেছেন। কলেজের সাধারণ ছাত্রীরা এখন শ্লীলতাহানির আতঙ্কে রয়েছেন।শ্লীলতাহানিসহ বিভিন্ন অভিযোগে মিলন হোসেন নামের এক ছাত্রকে গতকাল কলেজ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। কলেজের শিক্ষক ও ছাত্রীদের অভিযোগে জানা যায়, ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের ছাত্র নামধারী ছাত্রলীগের নেতা মিলন হোসেন, তারেক আজিজ ও সাহাবুল ইসলাম ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছেন।নাম প্রকাশ না করার শর্তে সমঞ্চান শ্রেণীর একজন ছাত্রী জানান, ছাত্রলীগের নেতা মিলন তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন। একদিন ছুটি শেষে কলেজ ভবনের তৃতীয় তলায় তিনি তাঁর শ্লীলতাহানি করেন।দৌলতখালী গ্রামের ভুক্তভোগী একজন ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে সমঞ্চান প্রথম বর্ষে ভর্তি হতে গেলে তাকে ওই বখাটেরা কুপ্রস্তাব দেয়। পরে কলেজের ক্যানটিনে মিলন তার শ্লীলতাহানি করে। অপমান ও ক্ষোভে তাঁর মেয়ে ছাড়পত্র নিয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ছাত্রী জানান, এই বখাটেদের হাতে আরও কয়েকজন ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন।কলেজের উপাধ্যক্ষ আমানুল হক বলেন, ‘ছাত্রীরা ভয়ে কোনো অভিযোগ দেননি। তবে অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি, কলেজের কয়েকজন ছেলে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। এ ঘটনায় প্রতিবাদ করলে তারা ২৬ মে ভয়ভীতি দেখায় এবং কলেজের কয়েকটি কক্ষ ভাঙচুর করে।’অধ্যক্ষ রফিকুল আলম গতকাল সোমবার বিকেলে জানান, ছাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদ করলে শিক্ষকদের লাঞ্ছিত ও কলেজের বিভিন্ন কক্ষ ভাঙচুর করায় মিলন হোসেনকে কলেজ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁর সহযোগী আজিজ ও সাহাবুল ইসলাম শুধু পরীক্ষায় অংশ নিতে পারবে। গতকাল দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের পরিচালনা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।দৌলতপুর উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি দাবি করে মোমিনুর রহমান প্রথম আলোকে জানান, দৌলতপুর কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। মিলনসহ যাঁরা আছেন, তাঁরাই কলেজে নেতৃত্ব দেন। তাঁরাই কলেজ নিয়ন্ত্রণ করেন। শ্লীলতাহানির ব্যাপারে তিনি বলেন, ‘এ রকম কাজে ছাত্রলীগের ছেলেরা সম্পৃক্ত হতে পারে না। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো রটাচ্ছে।’ অভিযোগের ব্যাপারে মিলন হোসেন জানান, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। শিক্ষকদের হুমকি দেওয়া হয়নি দাবি করে তিনি বলেন, ‘কলেজে ভাঙচুরের ঘটনার পর অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে হাত-পা ধরে মাফ চেয়েছি।’ চেষ্টা করেও অভিযুক্ত তারেক আজিজ ও সাহাবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা যায়নি।