দৌলতপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয় স্থানান্তর হচ্ছে সাংসদের বাড়ির সামনে!
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর থেকে সাব-রেজিস্ট্রারের কার্যালয় চার কিলোমিটার দূরে তারাগুনিয়ায় আওয়ামী লীগের দলীয় স্থানীয় সাংসদের বাড়ির সামনে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে দৌলতপুরের সাধারণ মানুষ।উপজেলার মুহুরি, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মচারীরা এর প্রতিবাদে মিছিল, মানববন্ধন ও ধর্মঘট পালন করে আসছেন। সর্বশেষ গত রোববার বিক্ষুব্ধ এলাকাবাসী তারাগুনিয়া-দৌলতপুর সড়ক আধা বেলা অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয় হয়। স্মারকলিপিতে উপজেলা চত্বরের যেকোনো জায়গায় কার্যালয়টি পুনর্বহালের দাবি জানানো হয়। দৌলতপুর উপজেলা চেয়ারম্যান হারেজ উদ্দিন, আটজন ইউপি চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন স্তরের প্রায় ১৪২ জন সাধারণ মানুষ স্মারকলিপিতে স্বাক্ষর করেন।জেলা রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৭৯ সালে তারাগুনিয়া বাজারের পাশে একটি ভাড়া বাড়িতে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয় স্থাপন করা হয়। সহকারী জজ আদালত জেলায় স্থানান্তর করা হলে ১৯৯৩ সালে সাব-রেজিস্ট্রারের কার্যালয় সহকারী জজ আদালত ভবনে স্থানান্তর করা হয়। ২০১২ সালের নভেম্বরে সহকারী জজ আদালত পুনরায় উপজেলা চত্বরে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে ভবনের এক পাশে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কাজ চলছে।এর আগে গত বছর ১৮ ফেব্রুয়ারি সাংসদ আফাজ উদ্দিন আহমেঞ্চদ তারাগুনিয়ায় পুনরায় সাব-রেজিস্ট্রারের কার্যালয় স্থানান্তরের জন্য আইন মন্ত্রণালয়ে একটি চাহিদাপত্র দেন। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি খোঁজ নিয়ে প্রতিবেদন পাঠাতে জেলা রেজিস্ট্রারের কাছে একটি চিঠি আসে।জেলা রেজিস্ট্রার খন্দকার আবদুল জলিল জানান, গত বছরের জুলাইয়ে মন্ত্রণালয়ে সার্বিক বিষয় তুলে ধরে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে জানানো হয়, তারাগুনিয়ায় জনৈক ইমরান ও রাশেদের বাড়িতে ভাড়া করে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের কার্যক্রম চালানো হবে।সাধারণ মানুষের অভিযোগ, ইমরান ও রাশেদের বাড়ি সাংসদ আফাজ উদ্দিনের বাড়ির প্রধান ফটকের সামনে। সাব-রেজিস্ট্রার কার্যালয় নিজেদের আওতায় নেওয়ার জন্যই সাংসদ উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে নিজের বাড়ির সামনে নিয়ে যেতে চাহিদাপত্র দিয়েছেন। তাঁদের বক্তব্য, ওই কার্যালয়ে প্রতিদিন গড়ে দুই শতাধিক দলিল রেজিস্ট্রি হয়। পাশে রয়েছে সোনালী ব্যাংক, উপজেলা ভূমি অফিস ও উপজেলা ই-সেন্টার। এ ছাড়া পাশে থানা থাকায় নিরাপত্তাও পায় মানুষ। অন্যদিকে তারাগুনিয়ায় সোনালী ব্যাংকের কোনো শাখা নেই। ক্রেতা-বিক্রেতাকে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদর থেকে পে-অর্ডার করে নিয়ে দলিল সম্পাদন করতে হবে।জেলা রেজিস্ট্রার খন্দকার আবদুল জলিল বলেন, মন্ত্রণালয় কার্যালয়টি স্থানান্তর করছে। এখানে তাঁদের কিছুই করার নেই। ইউএনও অরুণ কুমার মণ্ডল বলেন, উপজেলা পরিষদ চত্বরে সাব-রেজিস্ট্রারের কার্যালয় স্থানান্তর করার প্রয়োজনীয় অবকাঠামো আছে। সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসক একটি প্রতিবেদন চেয়েছেন।দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বাহক শরীফ উদ্দিন বলেন, ব্যক্তিস্বার্থে এটা স্থানান্তর করা হচ্ছে। এটা করা হলে দুর্নীতি আরও বেড়ে যাবে। উপজেলা চত্বরে অনেক জায়গা পড়ে আছে। সে হিসেবে ভাড়া করে সাব-রেজিস্ট্রার কার্যালয় স্থানান্তরের কোনো যৌক্তিকতা নেই। তবে সাংসদ আফাজ উদ্দিন আহমেঞ্চদ প্রথম আলোকে বলেন, উপজেলা চত্বরে জায়গা না থাকায় তারাগুনিয়ায় কার্যালয়টি নিয়ে যাওয়া হচ্ছে। এতে জনগণের সুবিধা হবে। সেখানে কোনো অনিয়ম-দুর্নীতি হবে না।