দৌলতপুরে অচেতন করে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার চার
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মঙ্গলবার রাতে প্রতারণা করে একটি পরিবারের বিপুল পরিমাণ মালামাল লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফুলচান শেখের বাড়ির লোকজন মঙ্গলবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। এরপরই তাঁরা অচেতন হয়ে পড়েন। গতকাল বুধবার সকালে প্রতিবেশীরা ফুলচান, তাঁর স্ত্রী রেজিয়া বেগম, ছেলে কামাল, তাঁর স্ত্রী তাসলিমা, মেয়ে ফরিদা বেগম, জামাতা মান্নান ও নাতি আল মামুনকে অচেতন অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুরের দিকে সুস্থ হয়ে ফরিদা বেগম থানায় মামলা করেন। মামলায় একই গ্রামের সিরাজ ও সইমুদ্দিনকে আসামি করা হয়েছে।ফরিদা বেগম বলেন, দুর্বৃত্তরা টিন কেটে ঘরে ঢুকে ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, ২০ হাজার সৌদি রিয়াল, নগদ পাঁচ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি ভিসিডি ও দুটি মুঠোফোন নিয়ে গেছে।