দৌলতপুরে ইলিশ ধরায় নয় জেলের জরিমানা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ ধরায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নয় জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মো. শফিউর রহমান এ অর্থদণ্ড দেন।
অর্থদণ্ড পাওয়া জেলেরা হলেন মো. নূরুজ্জামান, সোহেল রানা, সুরুজ মিয়া, গোলাম হোসেন, মো. আল-আমিন, শরিফুল ইসলাম, ইসহাক আলী, লিটন মিয়া ও আবদুস সালাম। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত মানিকগঞ্জসহ দেশের ২৭ জেলায় ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ করে সরকার। এ নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার রাতে শিবালয়ে যমুনা নদীর বিভিন্ন স্থানে জাল দিয়ে ইলিশ শিকার করেন জেলেরা। খবর পেয়ে মঙ্গলবার রাত দুইটা থেকে গতকাল ভোর পাঁচটা পর্যন্ত অভিযান চালানো হয়। পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। এ সময় ওই নয় জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০ কেজি ইলিশ ও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।