দৌলতপুরে উপজেলা চেয়ারম্যানকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা চেয়ারম্যান হারেজ উদ্দীনকে একই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফজিলাতুন্নেছা ও তাঁর ছেলে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) উন্নয়নমূলক কাজ বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলে তাঁকে লাঞ্ছিত করা হয়। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে দৌলতপুর উপজেলা পরিষদের দোতলা থেকে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা হারেজ উদ্দীন সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন। এ সময় ভাইস চেয়ারম্যান ফজিলাতুন্নেছা ও তাঁর সমর্থকেরা তাঁর ওপর হামলা চালান। ভাইস চেয়ারম্যান ফজিলাতুন্নেছা হারেজ উদ্দীনকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এডিবির বরাদ্দের কোনো কাজ ভাইস চেয়ারম্যানদের না দিয়ে হারেজ উদ্দীন নিজে লুটপাট করেন। এর প্রতিবাদ করা হয়েছে। কোনো মারধর করা হয়নি, একটু কথা-কাটাকাটি হয়েছে।’ উপজেলা চেয়ারম্যান হারেজ উদ্দীন বলেন, ‘আমি এডিবির কাজে কোনো ধরনের লুটপাটের সঙ্গে জড়িত নই।’