দৌলতপুরে এক লাখ মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা ও বৃষ্টিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। এতে প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে প্রায় দেড় হাজার হেক্টর জমির ধান ও পাট। পানিবন্দী মানুষ নৌকায় করে যাতায়াত করছে। অনেকে ফসল ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছে।বন্যাকবলিত মানুষেরা জানান, এক মাস ধরে পদ্মা ঘেরা দুই ইউনিয়নের গ্রামগুলোতে পানি ঢুকে প্লাবিত হতে থাকে। ওই পানিতে তলিয়ে গেছে উঠতি আউশ ধান, পাট ও তিল। পানি ঢুকে পড়েছে বাড়িঘরের ভেতর। সীমান্তসংলগ্ন রামকৃষ্ণপুর, চিলমারীতে বিজিবি ক্যাম্প ও অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে পানি উঠেছে। চরম দুর্ভোগে পড়েছেন ওসব এলাকার লোকজন। টিউবওয়েলগুলো তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।চিলমারী গ্রামের কৃষক আবু তাহের বলেন, বন্যায় তাঁর উঠতি প্রায় ৫০ মণ আউশ ধান তলিয়ে গেছে। এখন কীভাবে সংসার চলবে তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন।চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আহমেদ বলেন, তাঁর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে ছয়টি ওয়ার্ডই পানিতে তলিয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে প্রায় চার হাজার পরিবারের একটি তালিকা দেওয়া হয়েছে। মাত্র ১০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা চাহিদার তুলনায় খুবই কম।