দৌলতপুরে একুশের অনুষ্ঠানে হামলা, মাধবপুরে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গতকাল শুক্রবার একুশের অনুষ্ঠান চলাকালে শিক্ষকদের ওপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগ-সমথর্ক এক ইউনিয়ন পরিষদের সদস্য ও তাঁর লোকজন। এতে দুই শিক্ষকসহ সাতজন আহত হয়েছেন। একই দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দৌলতপুরের মরিচা মাধ্যমিক বিদ্যালয় ও চর নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথভাবে গতকাল মরিচা বিদ্যালয়ের মাঠে ভাষাশহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় ক্ষুব্ধ হন মরিচা ইউপির সদস্য সাহাজুল ইসলাম। সভা চলাকালে বেলা ১১টার দিকে সাহাজুলের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি লাঠিসোঁটা দিয়ে অনুষ্ঠানের সভাপতি ও দৌলতপুর ডিগ্রি কলেজের শিক্ষক আবুল হোসেনসহ শিক্ষকদের পেটাতে থাকেন। এ সময় কয়েকজন শিক্ষককে চড়-থাপড়ও মারা হয়।
এ ব্যাপারে চেষ্টা করেও সাহাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাধবপুর উপজেলা চত্বরে শহীদ মিনারে ফুলের তোড়া দেন হবিগঞ্জ-৪ আসনের সাংসদ মাহবুব আলী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. মুসলিম। এর কিছুক্ষণ পরই উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠানের ভাগনে উপজেলা ছাত্রলীগের একাংশ কমিটির সভাপতি মনির হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের একটি পক্ষ ফুলের তোড়া দিতে শহীদ মিনারের দিকে যান। এ সময় আওয়ামী লীগের নেতা শাহ মো. মুসলিমের ভাতিজা ছাত্রলীগের অপর কমিটির সহসভাপতি শাহ জয়নালের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী মনির হোসেনের ফুলের তোড়া কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। মুহূর্তে তাঁদের মধ্যে হাতাহাতি, পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়।