দৌলতপুরে এসআইকে মারধর, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
মানিকগঞ্জের দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন গত মঙ্গলবার বিকেলে মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার চকহরিচরণ গ্রামের বাসিন্দা নবীরন বেগমের সঙ্গে ভাই দুদু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুদু মিয়া ও তাঁর স্ত্রী গত শুক্রবার সকালে নবীরনকে মারধর করেন। তিনি ওই দিনই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসআই জামাল ঘটনা তদন্তে মঙ্গলবার বিকেলে ওই গ্রামে যান। ফেরার সময় তাঁর পথরোধ করেন ইউপি চেয়ারম্যান শফিকুল ও তাঁর সহযোগী মাহমুদুল হাসান ওরফে সুমন, মিজানুর রহমান, তোফাজ্জল হোসেন ও আতোয়ার রহমানসহ কয়েকজন। উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা জামালকে মারধর করে আটকে রাখেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন এসআই জামাল হোসেন গতকাল সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন। এ ছাড়া তাঁর বেশ কিছু দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন তাঁরা।
বক্তব্য জানতে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এসআই জামাল মঙ্গলবার রাতেই থানায় মামলা করেন। এতে ইউপি চেয়ারম্যান শফিকুলসহ আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।