দৌলতপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে আট শিক্ষার্থী অসুস্থ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে গতকাল বুধবার আট শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী হাসিনা আক্তার, রিয়া আক্তার, সুইটি আক্তার, সোনিয়া আক্তার, সাথী আক্তার, তৃষ্ণা আক্তার, মৌসুমী আক্তার ও শাবনুর আক্তার। তারা সবাই উপজেলার কাকনা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে মৌসুমী ও শাবনুরকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাকিদের মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবক ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা ‘কৃমিনাশক সেবন সপ্তাহ’ পালন করছে। ১ থেকে ৬ এপ্রিল ৫-১৫ বছর বয়সী দেশের প্রায় চার কোটি শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কথা। গতকাল সকাল ১০টার দিকে স্বাস্থ্য বিভাগের লোকজন কাকনা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ান। এরপর ষষ্ঠ শ্রেণির ওই আট শিক্ষার্থীর মাথাব্যথা ও বমির ভাব হয়। তাদের মধ্যে ছয়জনকে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বেলা দুইটার দিকে এ হাসপাতালে গিয়ে অসুস্থ ছয় ছাত্রীকে শিরায় স্যালাইন দিতে দেখা যায়।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান বলেন, হাসপাতালে ছয় শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ।
জেলা সিভিল সার্জন ইমরান আলী বলেন, গতকাল (বুধবার) পর্যন্ত ৩ লাখ ৫৬ হাজার শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে। এদের মধ্যে গতকাল আট শিক্ষার্থী হঠাৎ অসুস্থতা বোধ করে। ওই শিক্ষার্থীরা সবাই গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত। একজনের দেখাদেখি অন্যরাও অসুস্থ হয়ে পড়ে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নয়। ভরাপেটে এ ওষুধ খাওয়ানোর পর কিছু সময় বিশ্রাম নিতে হয়।