দৌলতপুরে চালককে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গত রোববার রাতে ছিনতাইকারীদের গুলিতে উজ্জ্বল হোসেন (৩০) নামের এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত উজ্জ্বল দৌলতপুর উপজেলার বাঁচামারা গ্রামের রূপচানের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে নয়টার দিকে শিবালয় উপজেলার উথুলী বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই ছিনতাইকারী যাত্রীবেশে উজ্জ্বলের মোটরসাইকেলটি ভাড়া নেয়। দৌলতপুর উপজেলার আমতলী যাওয়ার কথা বলে তারা মোটরসাইকেলে ওঠে। রাত ১০টার দিকে দৌলতপুরের লাউতারা গ্রামে পৌঁছালে ওই দুই ছিনতাইকারীর নির্দেশে উজ্জ্বল মোটরসাইকেল থামান। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেলচালক উজ্জ্বলকে গুলি করে। এতে কোমরে গুলিবিদ্ধ হয়ে উজ্জ্বল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় গুলির শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে ছিনতাইকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এরপর উজ্জ্বলকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী। পরে মুমূষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলম বলেন, গুলির ঘটনা ঘটেনি। লোহার রড দিয়ে উজ্জ্বলকে আঘাত করা হয়। এতে তাঁর কোমরে ক্ষতের সৃষ্টি হয়।