দৌলতপুরে জমি নিয়ে সংঘর্ষে আটজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ছয় নারীসহ আটজন আহত হয়েছেন। গতকাল রোববার ধামশ্বর ইউনিয়নের কাকরাইদ গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কাকরাইদ গ্রামের ২৫ শতক আয়তনের একটি পুকুরের মালিকানা নিয়ে দুই ভাই আবদুল হামিদ ও মিজানুর রহমানের সঙ্গে শুকুর আলীর বিরোধ চলে আসছিল। গতকাল বেলা ১১টার দিকে শুকুর আলী তাঁর লোকজন নিয়ে ওই পুকুরে মাছ ধরতে যান। এ সময় হামিদ ও মিজানুরের বাড়ির নারীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন মিজানুরের স্ত্রী নাসিমা আক্তার, হামিদের স্ত্রী ভুলন বিবি ও তাঁর চার মেয়ে এবং শুকুর আলী ও তাঁর ছেলে শাহিনুর ইসলাম। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপতাল ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিজানুর রহমানের শ্যালক আবদুল আলিম বলেন, শুকুর আলী ভুয়া দলিল করে ওই পুকুর দখলের চেষ্টা করে আসছেন। পৈতৃক সূত্রে পাওয়া ওই পুকুরের মালিক মিজানুর ও হামিদ।আলিম বলেন, বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে শুকুর আলী জোর করে মাছ ধরার চেষ্টা করেছিলেন। বাড়ির নারীরা বাধা দিলে তাঁদের প্রচণ্ড মারধর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন শুকুর আলী বলেন, প্রায় সাত মাস আগে মিজানুর ও হামিদের চাচা ওবায়দুর রহমানের কাছ থেকে তিনি পুকুরটি কেনেন। গতকাল তিনি নিজের পুকুরে মাছ ধরতে গেলে মিজানুর ও হামিদের লোকজন তাঁদের ওপর হামলা করে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।