দৌলতপুরে দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুটি হলো শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরমাস্তুল উচ্চবিদ্যালয়। আজ বুধবার সকালে আবার ভোট গণনা করে কেন্দ্র দুটির চূড়ান্ত ফল ঘোষণা করার কথা রয়েছে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার চকমিরপুর ইউনিয়নের দুটি কেন্দ্রে ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণা করা হয়। এ দুটি কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেনকে বিজয়ী বলে ঘোষণা করা হলে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে ফলাফল প্রত্যাখ্যান করেন। তিনি কেন্দ্র দুটিতে আবার ভোট গণনার দাবি তুলে রাতেই (সোমবার) উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল কাদির গতকাল সাংবাদিকদের বলেন, দুটি কেন্দ্রের ফলাফল ঘোষণা নিয়ে বিতর্ক ওঠায় ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার (আজ) সকাল ১০টায় ফলাফল ঘোষণা করা হবে।