দৌলতপুরে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, আটক ১৫
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাঁথুয়া সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারি ও গ্রামবাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে বিজিবির দুজন সদস্য আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দৌলতপুর ৩২ বিজিবি ব্যাটালিয়নের মেজর মেহেদি হাসান প্রথম আলোকে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ভারত থেকে চোরাই পণ্য পাচার করে আনার সময় সীমান্তসংলগ্ন বিলুগাঁথুয়া নামক স্থানের একটি মাঠে একদল চোরাচালানি বিজিবির টহল দলের সামনে পড়ে। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় চোরাচালানিদের সঙ্গে সেখানকার স্থানীয় গ্রামবাসীও হামলায় যোগ দেয়। এতে সিপাহি আবদুল আজিজ ও সিপাহি হরিদাস নামে বিজিবির দুজন সদস্য আহত হন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা এখন সুস্থ আছেন। এদিকে এ ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে বিজিবির সদস্যরা আরও শক্তি বৃদ্ধি করে বিলুগাঁথুয়া গ্রামে অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করেছে। আটক ১৫ জনকে গতকাল বুধবার সকালে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।