দৌলতপুরে শীতে দুইজনের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শীতজনিত কারণে গত দুই দিনে আমেনা খাতুন (৭২) ও শফিউল ইসলাম (৪৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, তিন দিন ধরে উপজেলায় তীব্র শীত পড়েছে। বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রামের মৃত নইমুদ্দিনের স্ত্রী আমেনা খাতুন শীতজনিত কারণে গত রোববার সকাল সাড়ে সাতটার দিকে মারা যান।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল হক জানান, এ ইউনিয়নের মোহামঞ্চদপুর গ্রামের মৃত মওলা বক্সের ছেলে শফিউল ইসলাম কনকনে ঠান্ডার মধ্যে গতকাল সোমবার ভোরে মাঠে কাজ করতে যান। সেখানে তিনি মারা যান।
পরিবারের সদস্যদের দাবি, প্রচণ্ড ঠান্ডায় তিনি মাঠে মারা গেছেন। পরে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুস্থ শীতার্তদের জন্য উপজেলায় ৭১০টি কম্বল বরাদ্দ এসেছে। এর মধ্যে ৬০০টি পাওয়া গেছে। এগুলোর মধ্যে ৫০টি কম্বল নির্বাচনী কাজে নিয়োজিত আনসারদের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি ৫৫০টি ১৪টি ইউনিয়নে গত দুই-তিন আগে বিতরণ করা হয়েছে।