দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা সবাই প্রতিবন্ধী। দৌলতপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দৌলতপুর-হোসেনাবাদ সড়কের মাঠপাড়া এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল খতেজান বেগমকে (৮৫) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলের চালক রুহুল সর্দারকে (২৭) আটক করে পুলিশে সোপর্দ করে। অপরদিকে পিকনিক শেষে মেহেরপুরের মুজিবনগর থেকে বাড়ি ফেরার পথে গত বুধবার রাত নয়টার দিকে বোয়ালিয়া সেতুর কাছে বাস উল্টে ১৫ জন প্রতিবন্ধী আহত হন। এরা হলেন রূপচাঁদ আলী (৩৮), লস্কর আলী (৫০), ঝুরুজান (৪৫), পারুল (৪০), যমুনা খাতুন (৫০), তনু (৩৮), আকরাম হোসেন (২৮), বেগম (৪৮), রোকেয়া খাতুন (৩০), তহিরুর ইসলাম (৩৮), আজিজুল হক (৫০), ফরিদুল (৪৮), আইয়ুব আলী (৫৫), কাজলী (১৮) ও তহুরা (৪২)।