দৌলতপুরের ভোটাররা উদ্বেগ আর উৎকণ্ঠায়
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন উপজেলাবাসী। আজ রোববার অনুষ্ঠেয় এই নির্বাচন নিয়ে কয়েক দিন আগে প্রার্থীদের সমর্থকদের মধ্যে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গুলিতে আহত হয়ে আতিয়ার রহমান নামের বিএনপির এক কর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এসব কারণে ভোটাররা ভোট গ্রহণের দিন সহিংসতার আশঙ্কা করছেন।
জেলার ছয়টি উপজেলার মধ্যে প্রথম ধাপে সদর ও ভেড়ামারা উপজেলায় নির্বাচন মোটামুটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। দ্বিতীয় ধাপে কুমারখালী, মিরপুর ও খোকসা উপজেলায় সহিংসতার ঘটনা ঘটে। ওই তিন উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। তৃতীয় ধাপে কোনো নির্বাচন ছিল না। চতুর্থ ধাপের নির্বাচনে জেলার সবচেয়ে বড় উপজেলা দৌলতপুরবাসী উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
এই উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন ফিরোজ আল মামুন, দলটি থেকে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন রেজওয়ানুল হক। বিএনপি-সমর্থিত প্রার্থী হলেন শহিদুল ইসলাম সরকার, দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী হলেন নুরুজ্জামান হাবলু। এ ছাড়া জাসদের শরিফুল কবির ও জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী আলী আকবর ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত বৃহস্পতিবার শরিফুল কবির ও নুরুজ্জামান হাবলু এবং শুক্রবার শহিদুল ইসলাম ও ফিরোজ আল মামুন পৃথক সংবাদ সমেঞ্চলন করে একে অপরের বিরুদ্ধে হামলা, নির্বাচনী কার্যালয় ও প্রচার মাইক ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন।
মরিচা, হোগলবাড়িয়া, পিয়ারপুর, আড়িয়া, খলিশাকুন্ডি ও বোয়ালিয়া ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফিরোজ আল মামুনের পক্ষে স্থানীয় কুষ্টিয়া-১ আসনের সাংসদ রেজাউল হক চৌধুরীসহ তার দুই ভাই এবং ছেলে বিএনপি-সমর্থিত প্রার্থীর ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছেন।
শরিফুল কবির অভিযোগ করে বলেন, ‘সাংসদ ও তাঁর আত্মীয়স্বজনেরা আমাদের কর্মীদের মারধর ও হুমকি দিচ্ছেন। পুলিশকে জানালেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।’
ফিরোজ আল মামুন বলেন, শেষ মুহূর্তে এসে বিরোধীপক্ষ নির্বাচন ভন্ডুল করতে নানা অভিযোগ আনছে। তারা পরাজয় নিশ্চিত জেনে অপপ্রচার চালাচ্ছে। সাংসদ রেজাউল হক চৌধুরী বলেন, দোষ চাপানো বিএনপির রেওয়াজে পরিণত হয়েছে।
সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন বলেন, ‘সহিংসতার আশঙ্কা করছি না। তবে কিছু হলে ১০ মিনিটের মধ্যে যেকোনো কেন্দ্রে সেনা, বিজিবি ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যাবেন।’