দৌলতপুরের সেই মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফজিলাতুন্নেছাকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। ভিজিএফ কর্মসূচির খাদ্যশস্য বণ্টন নিয়ে দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) লাঞ্ছিত করা এবং তাঁর কক্ষে তালা মেরে দেওয়ার অভিযোগে তাঁকে অপসারণ করা হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (সোমবার) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পাঠানো প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করার বিষয়টি তিনি জানতে পারেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ভিজিএফ কর্মসূচির খাদ্যশস্য বণ্টন নিয়ে পিআইওকে লাঞ্ছিত করা এবং তাঁকে কার্যালয়ের ভেতরে রেখে দরজায় তালা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা পরিষদ সংশোধন আইন, ২০১১-এর ১৩(১) (গ) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই আইনের ১৩(২) ধারা অনুসারে তাঁকে ওই পদ থেকে অপসারণ করা হয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালের ২ আগস্ট দুপুরে মহিলা ভাইস চেয়ারম্যান ফজিলাতুন্নেছা দৌলতপুরের পিআইও সাইদুর রহমানকে তাঁর কার্যালয়ে লাঞ্ছিত করে কক্ষে তালা মেরে দেন বলে অভিযোগ ওঠে।