দৌড় দিয়ে ধর্ষণের বিরুদ্ধে জনমত গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার বেলা ১১টা। আইনজীবী, বিচারপ্রার্থী মানুষ, হকারসহ নানা মানুষের উপস্থিতিতে সরব টাঙ্গাইল আদালত চত্বর। আর এই মানুষের ভিড়ের ভেতর দিয়ে আদালতের চারপাশে দৌড়াচ্ছেন একজন বয়স্ক মানুষ। যে কারও চোখ আটকে যায় দৌড়ানো লোকটির দিকে। লোকটির পিঠে মধুপুরে রুপা খাতুনকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যাকারীদের বিচারের দাবিসংবলিত কিছু লেখা। 

লোকটির নাম মির্জা শাহজাহান। বয়স ৬৫ বছর। রুপা হত্যাকারীদের বিচারের দাবিতে জনমত সৃষ্টির জন্য প্রতি বুধবার তিনি আদালত চত্বরে টানা এক ঘণ্টা দৌড়ান। গত সেপ্টেম্বর মাস থেকে চলছে তার এই অভিনব কর্মসূচি।
মির্জা শাহজাহানের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার একঢেলা গ্রামে। যদিও এখন তিনি টাঙ্গাইল শহরের থানাপাড়ায় স্থায়ীভাবে বসবাস করেন। পেশায় ছিলেন উন্নয়নকর্মী। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনে (এনজিও) চাকরি করেছেন। দুই ছেলের জনক মির্জা শাহজাহান ১০ বছর আগে ধূমপান ছেড়ে দেন এবং স্বাস্থ্য রক্ষার জন্য নিয়মিত দৌড়াতে শুরু করেন। এতে ভালো ফল পান তিনি। দৌড়ানোর মধ্য দিয়ে তিনি ধূমপানের বিরুদ্ধে প্রচারণা চালান। মির্জা শাহজাহান জানান, মধুপুরে চলন্ত বাসে রুপাকে ধর্ষণ ও হত্যার খবর ফেসবুকে দেখে খুবই মর্মাহত হন। তখনই সিদ্ধান্ত নেন এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আদালত এলাকায় দৌড়ে জনমত সৃষ্টি করবেন। সেপ্টেম্বর থেকে প্রতি বুধবার তিনি এ কর্মসূচি পালন করছেন।
আইনজীবী ও মানবাধিকারকর্মী আতাউর রহমান আজাদ বললেন, মির্জা শাহজাহান প্রতি বুধবার আদালত এলাকায় দৌড়ের মাধ্যমে রুপা হত্যাকারীদের বিরুদ্ধে জনমত সৃষ্টির কাজ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।