দৌড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আরাফাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌড়ে বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছার আগে গতকাল আরাফাতের সঙ্গে স্থানীয় লোকজনও যোগ দেন l ছবি: প্রথম আলো
দৌড়ে বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছার আগে গতকাল আরাফাতের সঙ্গে স্থানীয় লোকজনও যোগ দেন l ছবি: প্রথম আলো

টেকনাফ থেকে দৌড়ে গতকাল সোমবার তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছেছেন মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। তিনি ১৫ ফেব্রুয়ারি টেকনাফের নোয়াপাড়া পরিবেশ টাওয়ার থেকে দৌড় শুরু করেন।

গতকাল বেলা পৌনে ১১টায় বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছালে আরাফাতকে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে বিকেলে উপজেলাবাসীর পক্ষ থেকে চৌরাস্তার তেঁতুলতলার উন্মুক্ত মঞ্চে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানিউল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মাহবুবুর রহমান বক্তব্য দেন। এ সময় আরাফাতের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরাফাত বলেন, ১ হাজার ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। প্রতিদিন গড়ে ৫০ কিলোমিটার দৌড়েছেন। মোটেও সহজ ছিল না। তাঁকে নানা প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়েছে। হাঁটুতে চোট নিয়েও এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তিনি। এ ছাড়া নির্মাণাধীন রাস্তায় দৌড়ানো ছিল অনেক কষ্টসাধ্য। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় যমুনা সেতু। নিরাপত্তাজনিত কারণে তাঁকে দৌড়ে যমুনা সেতু অতিক্রম করার অনুমতি দেওয়া হয়নি। পরে তিনি সাঁতরে যমুনা নদী পাড়ি দেন।

আরাফাতের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে কর্মরত আছেন। এই উদ্যোগে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়। তত্ত্বাবধানে ছিল উডমেকার নামের একটি প্রতিষ্ঠান।

জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান মো. নাসিরউদ্দিন প্রথম আলোকে বলেন, জিপিএস ওয়াচের মাধ্যমে আরাফাতের প্রতিটি পদক্ষেপ, প্রতি কিলোমিটারের রেকর্ড রয়েছে। কোন জেলা কখন পেরিয়েছেন, সব রেকর্ড আছে। প্রতিদিনের দৌড়ের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে।