দৌড়ে দৌড়ে পাঠদান
চার কক্ষের পাকা বিদ্যালয় ভবনটির সামনে জাতীয় পতাকা উড়ছে। একদল শিক্ষার্থী বিদ্যালয়ের বারান্দায় বসে পড়ছে। অন্যরা মাঠে ও বেশ কয়েকটি শ্রেণীকক্ষে বসে নানা খেলায় মেতে আছে। আরেকটি শ্রেণীকক্ষে একজন শিক্ষক পড়াচ্ছেন। ২০ মার্চ দুপুর দেড়টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার উত্তর হাজীপুর জুম্মাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ রকম দৃশ্য দেখা যায়। উপজেলার সয়ার ডারারপাড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও একজন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে। এতে এই দুই বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।হাজীপুর জুম্মাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রাশেদুল ইসলাম বলে, ‘স্যার আমাদের পড়া দিয়ে ওই ক্লাসে গেছে। থ্রি আর ফোরের ক্লাস নিয়ে তারপর আবার আমাদের ক্লাস নিবার আসপে।’বিদ্যালয়ের একমাত্র শিক্ষক সামছুল আলম বলেন, ‘এক ক্লাসে পড়া দিয়ে অন্য ক্লাসে যাই, সেখানে পড়া বদলায়ে পরের দিনের নতুন পড়া দিয়া আবার অন্য ক্লাসে যাই। এভাবে সারা দিন দৌড়াই। কোনো শিক্ষার্থীর পড়া ধরারও সময় পাই না। কোনো কাজে শিক্ষা অফিসে গেলে স্কুল ছুটি দিয়ে দেই।’বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। শিক্ষার্থীর সংখ্যা ২৫১ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর আলী ২০১১ সালের জানুয়ারি মাসে অবসর নেওয়ায় বর্তমানে কর্মরত রয়েছেন শুধু সহকারী শিক্ষক সামছুল আলম। তাই তাঁকেই সব ক্লাস নিতে হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমূল্য বর্মণ বলেন, শিক্ষক না থাকায় ক্লাস হয় না। এ অবস্থায় অনেক অভিভাবকই তাঁদের সন্তানদের এই বিদ্যালয় থেকে ছাড়পত্র নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি করেছেন। উপজেলার সয়ার ডারারপাড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮২ জন শিক্ষার্থীর পাঠদান করছেন একজন শিক্ষিকা। তাঁর নাম আমেনা বেগম। বিদ্যালয়টির চারজন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষিকা বিলকিছ জাহান ২০০৩ সালে ইস্তফা দেন। ২০০৮ সালে প্রধান শিক্ষক রহিদুল ইসলাম এবং ২০০৯ সালে সহকারী শিক্ষক সামছুল আলম অবসর নেন। এর পর থেকে সহকারী শিক্ষিকা আমেনা বেগম সব কাজ করছেন।আমজাদ হোসেন নামের এক অভিভাবক জানান, যারা পঞ্চম শ্রেণীতে পড়ছে, তারাও ঠিকমতো বাংলা পড়তে পারে না। শিক্ষক না থাকায় ঠিকমতো ক্লাসও হয় না।২০ মার্চ বেলা ১১টায় বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, আমেনা খাতুন তাঁর কার্যালয়ে বসে উপবৃত্তির কার্ড পূরণ করছেন। এ সময় শিশু শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছিল। পাশের একটি শ্রেণীকক্ষে পঞ্চম শ্রেণীর ছাত্রী রেসতানা দ্বিতীয় শ্রেণীর ক্লাস নিচ্ছে।স্কুল পরিচালনা কমিটির সদস্য অহিদুল হক বলেন, বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থী রয়েছে ১৪০ জন। এদের জন্য শিক্ষক রয়েছেন একজন।শিক্ষিকা আমেনা বেগম বলেন, ‘একজন শিক্ষক দিয়ে তো আর ক্লাস চলে না। কোনো রকমে চালিয়ে নিচ্ছি। স্কুলে শিক্ষক দেওয়ার জন্য কয়েকবার শিক্ষা অফিসারকে অনুরোধ করেছি, ফল হয়নি।’উপজেলা শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘এখন শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষা অধিদপ্তরের হাতে চলে গেছে। অধিদপ্তর শিক্ষক নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করেছে। আশা করছি, শিগগিরই এই সমস্যার সমাধান হবে।’