চট্টগ্রামে এক ব্যক্তির মুঠোফোন ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে ছিনতাইকারী। গত রোববার রাত নয়টার দিকে নগরের কোতোয়ালি থানার হাজারী গলির মুখে এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, হাজারী গলির মুখে হাসান রায়হান নামের এক ব্যক্তি হেঁটে আন্দরকিল্লার দিকে যাচ্ছিলেন। হঠাৎ তাঁর হাত থেকে মুঠোফোনটি কেড়ে নিয়ে ছিনতাইকারী দৌড় দেয়। এ সময় নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে একটি দল অভিযানে যাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যরাও ছিনতাইকারীর পেছনে দৌড়াতে থাকেন। ২০০ গজ যাওয়ার পর পুলিশের সদস্যরা সোহেল নামের ওই ছিনতাইকারীকে আটক করে। তার কাছ থেকে ছিনতাই করা মুঠোফোনটি উদ্ধার করা হয়। এ ছাড়া তার শরীর তল্লাশি করে একটি ধারালো ছুরি পাওয়া যায়।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার বলেন, ছিনতাইয়ের শিকার হাসান রায়হান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটক সোহেল নগরের বিভিন্ন স্থানে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।