দ্বন্দ্ব বড়দের, ভুগল ছোটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে সব বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে সরকারি প্রতিশ্রুতি থাকলেও হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ব্র্যাক পরিচালিত মাধ্যমিক স্তরের দুটি বিদ্যালয় ২৩ দিন পর গত বৃহস্পতিবার বই পেয়েছে।
আওয়ামী লীগের নেতা ও বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খানের নির্দেশে বিদ্যালয়টিরর শিক্ষার্থীরা এত দিন বই পাওয়া থেকে বঞ্চিত ছিল বলে জানা গেছে। বইয়ের অভাবে বিদ্যালয় দুটির প্রায় ৩০০ শিক্ষার্থীর পাঠদান বন্ধ থাকে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, খাগাউড়া ও পুকরা ইউনিয়নে গত বছরের জুলাইয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের দুটি বিদ্যালয় স্থাপন করা হয়। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান দুটির জন্য জমি কেনা এবং শিক্ষক নিয়োগ নিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। চেয়ারম্যানের পছন্দ অনুযায়ী জায়গা না কেনা ও শিক্ষক নিয়োগ না দেওয়ায় এ মতবিরোধ হয়।
সূত্রটি আরও জানায়, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল ইসলাম সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের সরকারি বই না দিতে উপজেলা চেয়ারম্যানের নির্দেশ রয়েছে। শিক্ষা কর্মকর্তা চেয়ারম্যানের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ দেন।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনির উদ্দিনের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কার্যালয় বিদ্যালয় দুটিতে বই সরবরাহ করে।
ব্র্যাক কর্মকর্তা ূ বলেন, ‘ব্র্যাকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় জমি কেনা ও শিক্ষক নিয়োগের কাজ আমাদের প্রধান কার্যালয় করে। কিন্তু চেয়ারম্যান সাহেব বিষয়টি মেনে নিতে পারেননি।’
মহসিন উদ্দিন আরও জানান, উপজেলার খাগাউরা ও পুকড়া ইউনিয়নের ওই দুটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ২৮৭ জন শিক্ষার্থী রয়েছে। বই না পাওয়ায় এত দিন তাদের পাঠদান বন্ধ ছিল।
চেয়ারম্যান ইকবাল হোসেন ও শিক্ষা কর্মকর্তা সফিউল ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনীর উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি পরে বিষয়টি শুনেছেন। তিনি বলেন, ‘ব্র্যাকের বিদ্যালয় প্রতিষ্ঠার সময় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ দেখা দেয়। কিন্তু এখানে শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই। তারা কেন ভোগান্তির শিকার হবে? তাই আমি উদ্যোগ নিয়ে তাদের বই সরবরাহ করেছি।’