দ্বন্দ্ব ভুলে আ.লীগ এককাট্টা বিএনপির সুখে কাঁটা স্বতন্ত্র

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে চূড়ান্ত মনোনয়নের আগ পর্যন্ত প্রার্থীদের মধ্যে দলীয় কোন্দল থাকলেও এখন নেতা-কর্মীরা এককাট্টা হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। চলছে রমরমা প্রচার–প্রচারণা। বিএনপির প্রার্থী নেতা–কর্মীদের নিয়ে প্রচার–প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা হাসানুল ইসলাম এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি প্রার্থী কিছুটা চাপে আছেন।
আসনটিতে নৌকা প্রাতীক নিয়ে লাড়ছেন বর্তমান সাংসদ মকবুল হোসেন। অন্যদিকে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন দলের সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম। আর দলের বাছাই পর্বে প্রার্থিতা বাতিল হলেও আপিলে তা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নেমেছেন হাসানুল।
বিগত নির্বাচনগুলো পর্যালোচনা করে দেখা গেছে, জেলার সবচেয়ে বেশি উপজেলা নিয়ে পাবনা-৩ আসন। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৮। ১৯৯১ সাল থেকে আসনটিতে দুবার বিএনপি ও তিনবার আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্যে ১৯৯১ সালে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী সাইফুল আযম। ১৯৯৬ সালে বিজয়ী হন আওয়ামী লীগের ওয়াজি উদ্দিন খান। ২০০১ সালে আবার হিসাব পাল্টায়। ১ লাখ ৩১ হাজার ২৯৪ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির কে এম আনোয়ারুল ইসলাম। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পট পাল্টায়। এ নির্বাচনে ১ লাখ ৭৮ হাজার ৯৭৪ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের মকবুল হোসেন। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। ফলে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ভোট করে ১ লাখ ৪৯৬ ভোটে আবার বিজয়ী হন আওয়ামী লীগের মকবুল হোসেন।
দুই দলের একাধিক নেতা ও স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলনবিল বিস্তৃত আসনটিতে ভোটের হাওয়া বদলে যেতে পারে খুব দ্রুত। ফলে হিসাবে ভুল হলেই পিছলে পড়ার ভয় থাকে প্রার্থীদের। তাই আওয়ামী লীগ ও বিএনপি, দুই দলের প্রার্থীরা এবার অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলছেন। মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে আওয়ামী লীগে কিছু অভ্যন্তরীণ বিরোধ থাকলেও তা কাটিয়ে দলের নেতা-কর্মীরা এখন নৌকার পক্ষে এককাট্টা হয়ে কাজ করছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম বলেন, ‘আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। এখানে দলীয় প্রধানের সিদ্ধান্তই মূল। আমরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সবাই নৌকার পক্ষে কাজ করছি। আশা করছি, এবারও আসনটিতে নৌকা বিজয়ী হবে।’
অন্যদিকে ধানের শীষের প্রার্থীও নেতা-কর্মীদের নিয়ে ভালোই মাঠ জমিয়ে রেখেছেন। কিন্তু এর মধ্যে গত শনিবার থেকে নতুন করে প্রচারণা শুরু করেছেন বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী হাসানুল ইসলাম। তিনি পেয়েছেন সিংহ প্রতীক। ইতিমধ্যেই প্রতীকসহ পোস্টার সাঁটিয়েছেন নির্বাচনী এলাকায়। করছেন গণসংযোগ। সঙ্গে আছেন বিএনপির কিছু নেতা-কর্মীও। ফলে বিএনপির ভোটের হিসাবে কিছুটা গড়মিল হবার সম্ভাবনা দেখা দিয়েছে।
বিএনপির প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকতেই পারে। এটা কোনো বিষয় না। যাঁরা বিএনপির আদর্শ লালন করেন, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে ফেরা চান এবং অন্যায়-অত্যাচার থেকে মুক্তি চান, তাঁরা ধানের শীষেই ভোট দেবেন। ফলে পরিবর্তনের এ ভোটে আশা করছি, ধানের শীষেরই জয় হবে।’
এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী হাসানুল ইসলামের মুঠোফোনে কয়েকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। তবে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসানুল ইসলামের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। তিনি একটি সহযোগী সংগঠনের সঙ্গে কাজ করেন। এতে বিএনপির ভোটে কোনো প্রভাব পরবে না।