দ্বন্দ্ব মেটাতে যশোর জেলা নেতাদের সঙ্গে কাদেরের বৈঠক
অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে যশোর জেলার নেতাদের ঢাকায় ডেকে বৈঠক করেছে আওয়ামী লীগ। এ সময় সবাইকে ভেদাভেদ ভুলে নৌকার জন্য কাজ করার নির্দেশ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল রুদ্ধদ্বার।
দলীয় সূত্র জানায়, যশোর জেলার সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মধ্যে দ্বন্দ্ব প্রকট। জেলার সাংসদেরাও এই দ্বন্দ্বে বিভক্ত। এমনকি কিছু কিছু স্থানে দুই পক্ষের আলাদা কমিটিও রয়েছে। এই দ্বন্দ্ব মেটাতেই ওবায়দুল কাদের জেলা নেতাদের গতকাল ঢাকায় এনে বৈঠক করেছেন।
বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বৈঠকে জেলা নেতারা একে অপরকে দোষারোপ করে বক্তব্য দেন। শাহীন চাকলাদার অভিযোগ করেন যে জেলা সভাপতি আলাদা গ্রুপ নিয়ে চলেন। আলাদা আলাদা সভা করেন। জবাবে সভাপতি বলেন, শাহীন চাকলাদারকে নিয়ে সভা করা হলে তিনি মারামারি বাধান।
একপর্যায়ে ওবায়দুল কাদের পরস্পরকে দোষারোপ না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন। এ সময় তিনি যেসব থানার সম্মেলন হয়নি তা দ্রুত শেষ করার নির্দেশ দেন। একাধিক কমিটি থাকলে তা এক করে পূর্ণাঙ্গ কমিটি করার কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন দুজন নেতা প্রথম আলোকে বলেন, যশোরে কোন্দল এতটাই প্রকট যে জেলা নেতাদের সঙ্গে বৈঠক করে তা পুরো সামাল দেওয়া কঠিন। এ জন্য আগামী ৭ ও ৮ মে নয়টি উপজেলা নেতাদের ঢাকায় এনে বৈঠক করার সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, টুকটাক ভুল-বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে দেওয়া হয়েছে। নয়টি থানার নেতাদের নিয়ে আগামী মাসে বৈঠক করা হবে।
মাঠপর্যায়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল মেটাতে আওয়ামী লীগের জেলা নেতাদের ধারাবাহিকভাবে ঢাকায় ডেকে বৈঠক করা হচ্ছে। এর আগে গত রোববার কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা নেতাদের নিয়ে বৈঠক হয়।