দ্বন্দ্ব-সংঘাতের কারণে আমরা পিছিয়ে পড়ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচনপদ্ধতি আমাদের সবারই জানা। এ নিয়ে দ্বন্দ্ব-সংঘাতের কারণে আমরা ক্রমেই পিছিয়ে পড়ছি।’
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা পাওয়া উপলক্ষে গত মঙ্গলবার নিউইয়র্কের লাগোর্ডিয়া কলেজে যুক্তরাষ্ট্রপ্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের প্রথম নোবেলজয়ীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংক নোবেল পদক পেয়েছে। সারা বিশ্বে সুনাম অর্জন করলেও এই প্রতিষ্ঠানকে এখন নানাভাবে হেয় করা হচ্ছে। গ্রামীণফোন যখন প্রথম চালু করা হয়, তখন এ নিয়ে নানা অপপ্রচার চালানো হয়। অথচ এখন গ্রামীণফোনের সাফল্যের ছোঁয়া সারা বাংলাদেশে। বাধাবিপত্তি মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে সামাজিক ব্যবসার ধারণা তুলে ধরে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র্য, বেকারত্ব এবং দুর্নীতি দূর করতে হবে। আর এ স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন প্রজন্মের উজ্জীবনী শক্তিকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক শওকত আলী। সভা পরিচালনা করেন কমিটির সমন্বয়ক সাংবাদিক আবু তাহের।