দ্বন্দ্বে দ্বন্দ্বে স্থবির হয়ে পড়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কর্মকাণ্ড। এ অবস্থায় আওয়ামী লীগের অনেক নেতা বাধ্য হয়ে রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে রেখেছেন।দলীয় সূত্রে জানা যায়, দল ক্ষমতাসীন হওয়ার পর থেকে জেলা আওয়ামী লীগের কর্মকাণ্ড কিছুদিন সীমাবদ্ধ ছিল দিবস পালনের মধ্যে। কিন্তু বর্তমানে দিবস পালনের ব্যাপারেও তৎপরতা দেখা যাচ্ছে না। ঐতিহাসিক সাতই মার্চে তারা কোনো কর্মসূচি পালন করেনি। শহরের কোথাও বাজেনি বঙ্গবন্ধুর অমিত তেজি ‘বজ্রকণ্ঠ’।জেলা আওয়ামী লীগের এক প্রবীণ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৯৯৬ সালের নির্বাচনে ফরিদপুর সদর আসনে দলীয় প্রধানের বেয়াই খন্দকার মোশাররফ হোসেনকে মনোনয়নপত্র দেওয়া হয়। তিনি কখনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাই দীর্ঘদিন দলে থাকা প্রথম সারির নেতারা এটা সুনজরে দেখেননি, তবে প্রকাশ্যে বিরোধিতাও করেননি। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন খন্দকার মোশাররফ। প্রথমবার তিনি জেলা আওয়ামী লীগের নেতা হাসিবুল হাসান ও দ্বিতীয়বার আরেক নেতা বিপুল ঘোষের ওপর নির্ভরশীল ছিলেন।জেলা আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, দুই বারের পরাজয়ে খন্দকার মোশাররফের উপলব্ধি জন্মায়, দলীয় নেতাদের ওপর ভরসা করে বিজয়ী হওয়া যাবে না। ২০০৮ সালের নির্বাচনে তিনি বেছে নেন ‘একলা চলো নীতি’। নেতা-কর্মীদের বাদ দিয়ে নির্বাচনের আগে থেকে তিনি জনসংযোগ করেন। এ ছাড়া চারদলীয় জোটের দুই নেতা এখানে প্রার্থী হওয়ায় অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়। বিজয়ী হন খন্দকার মোশাররফ, মন্ত্রিসভায়ও স্থান করে নেন।মাসুদ হোসেন আরও বলেন, এ বিজয় খন্দকার মোশাররফের মনে জেলা আওয়ামী লীগকে উপেক্ষা করার মানসিকতার জন্ম দেয়। এরই প্রতিফলন ঘটতে থাকে নির্বাচনের যাবতীয় কর্মকাণ্ডে। তিনি দলীয় নেতা-কর্মীদের উপেক্ষা ও অগ্রাহ্য করে উন্নয়নের সব কাজের দায়িত্ব দেন তাঁর ভাই খন্দকার মোহতেশাম হোসেনকে। তাঁর অবর্তমানে সব সমস্যা তাঁর ভাই দেখবেন বলে তিনি জনসভায় ঘোষণা পর্যন্ত দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভক্ত জেলা আওয়ামী লীগের একটি অংশের নেতৃত্বে রয়েছেন খন্দকার মোহতেশাম। অপর অংশে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষসহ জেলা কমিটির বেশির ভাগ নেতা। তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে নানাভাবে বাধাপ্রাপ্ত হয়ে বর্তমানে ক্লান্ত অবস্থায় রয়েছেন। এ অংশের নেতারা গত বছরের এপ্রিলে ঢাকায় গিয়ে দলীয় সভানেত্রীর সঙ্গে দেখা করে বিষয়গুলো তুলে ধরেন।দলে স্থবিরতার কথা স্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন বলেন, ‘ফরিদপুরে আওয়ামী লীগ আছে বলে মনে হয় না। এ কমিটি নিয়ে দল সচল করতে মন্ত্রীও পারবেন না, আমিও পারব না। আমরা কোনো অনুষ্ঠান হাতে নিলে মন্ত্রী-গ্রুপ বাধা দেয়। এ অবস্থার পরিবর্তন দরকার। মন্ত্রী উন্নয়নমূলক কাজ করছেন। এতে দল বাঁচবে না, যদি দলের সঙ্গে তাঁর সম্পর্ক না থাকে।’তবে ফরিদপুরে আওয়ামী লীগ স্থবির—এটা মানতে রাজি নন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দলের দু-চারজন নেতা সক্রিয় না হলে দল স্থবির হয়ে যায় না। জন্মলগ্ন থেকে একটি একপেশে কমিটির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সব কর্মসূচি গুরুত্বের সঙ্গে পালিত হয় দাবি করে তিনি বলেন, ‘আমি প্রতি সপ্তাহে একবার করে ফরিদপুরে আসি। এটা কি দল চাঙ্গা হওয়ার জন্য যথেষ্ট নয়?’