দ্বাদশ অধিবেশন শুরু ২৫ সেপ্টেম্বর
দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ২৫ সেপ্টেম্বর রোববার বিকেল পাঁচটায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদের অধিবেশন আহ্বান করেছেন। এটি হচ্ছে সংসদের শরৎকালীন অধিবেশন।
সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্য দ্বাদশ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে সংসদের পরবর্তী অধিবেশন। সে হিসাবে ৬০ দিনের বাধ্যবাধকতা পূরণের জন্য এ অধিবেশন ডাকায় এর মেয়াদকাল সংক্ষিপ্ত হতে পারে। তবে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় দ্বাদশ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন ছাড়াও সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুর ওপর আলোচনা হতে পারে।
দশম জাতীয় সংসদের ১১তম (বাজেট) অধিবেশন গত ১ জুন শুরু হয়ে ২৭ জুলাই শেষ হয়।