দ্বিগুণ ওষুধ দিয়েও মশা মারতে পারছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

রাজধানীতে মশার উপদ্রব অনেক বেড়েছে বলে স্বীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। গত মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেছেন, দ্বিগুণ ওষুধ দিয়েও মশার উপদ্রব কমানো যাচ্ছে না।
মেয়র বলেন, ‘ডাবল ডাবল ওষুধ দিচ্ছি, তা-ও মশা না মরলে কী করা যাবে? তিন মাস আগে থেকেই মশা মারছি। ছয় দিন ধরে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ওষুধ দেওয়া হচ্ছে। মশা মরছে না, কী করা যায়? ল্যাবরেটরিতে ওষুধ পরীক্ষা করাচ্ছি। ওষুধওয়ালাকে ধরে আনছি। মশা তো মরছে না। একটি মেশিনে পাঁচ লিটারের পরিবর্তে দশ লিটার ওষুধ দেওয়ার নির্দেশ দিয়েছি।’
মশার উপদ্রব বাড়ার কারণ হিসেবে আনিসুল হক বলেন, ‘উত্তরা এলাকায় সিটি করপোরেশনের যেটুকু জায়গা, তার চেয়ে বেশি জায়গা উত্তরার ভেতরে এবং সীমানায়, যা আমাদের নয়। এসব জায়গা থেকে মশা আসে। হাসপাতালের কেমিক্যাল বর্জ্য পড়ে থাকে। বেসরকারি জলাভূমিতে কচুরিপানা জমে পড়ে থাকে, যেগুলো আমরা পরিষ্কার করতে পারি না। আমরা আইনত সেসব জায়গায় মশাও মারতে পারি না। প্রতিদিন এসব উৎস থেকে প্রচুর মশা আসে।’
ডিএনসিসি এলাকায় বিভিন্ন খালে কচুরিপানা জমে থাকা সম্পর্কে জানতে চাইলে মেয়র বলেন, ‘এগুলো পরিষ্কার করতে হবে জেলা প্রশাসন ও ঢাকা ওয়াসাকে। আমার টাকা আছে, কিন্তু আমি চাইলেও টাকা খরচ করতে পারি না। আমার লোক দ্বিগুণ কাজ করছে।’
মেয়র বলেন, ‘কী করব আমি জানি না। অনেক মশা আছে। রামচন্দ্রপুর, হরিরামপুর, বসুন্ধরা আমাদের না। সেসব জায়গা থেকেও মশা আসে।’
দক্ষিণ সিটি করপোরেশনের মশা উত্তরে আর উত্তরের মশা দক্ষিণে চলে যায়। এমন একটি কথা প্রচলিত আছে। এ প্রসঙ্গে মেয়র বলেন, মশাদের তো পাসপোর্ট লাগে না, ভিসাও লাগে না। লাগলে বোঝা যেত, এই মশা উত্তরের না দক্ষিণের।