দ্বিগুণ দামে ট্রেনের টিকিট কালোবাজারি একজন আটক
ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের একটি টিকিটের দাম ৩৬৫ টাকা। কিন্তু কালোবাজারে এই টিকিট বিক্রি হয় ৭০০ থেকে ৮০০ টাকা করে। গতকাল বুধবার বিকেলে ফাঁদ পেতে মো. বাবুল (৪৭) নামের এক কালোবাজারিকে ধরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও মতিঝিল থানার পুলিশ। রেলের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি করে আসছিলেন বাবুল। বাবুল সাংবাদিকদের জানান, পথশিশুদের টাকার বিনিময়ে সকালে লাইনে দাঁড় করিয়ে টিকিট সংগ্রহ করেন তিনি। পরে সেগুলো চড়া দামে বিক্রি করা হয়। বেশির ভাগ টিকিটই বিমানবন্দর স্টেশন থেকে সংগ্রহ করা হয় বলে তিনি দাবি করেন। রেলের নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের এক যাত্রী তাঁদের জানিয়েছেন, নির্ধারিত কিছু মোবাইল নম্বরে ফোন দিলেই বাবুল কিংবা তাঁর সহযোগীরা এসে টিকিট দিয়ে যান। প্রতি টিকিটে তারা ৩০০ থেকে ৪০০ টাকা বেশি নেয়। ওই তথ্যের ভিত্তিতে ক্রেতা সেজে বাবুলকে ধরা হয়। বাবুলের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে তিনি জানান। রেলের বিভাগীয় ব্যবস্থাপক সরদার সাহাদাত আলী বলেন, কালোবাজারিদের ধরার জন্য তাঁরা একটি সাদা পোশাকের দল গঠন করেছেন। এই দলই গতকাল বাবুলকে চট্টগ্রাম যাওয়ার চারটি টিকিটসহ ধরে।