দ্বিগুণ দামে পোশাক বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানের ভেতরে দেয়ালে সাঁটানো ‘ফিক্সড প্রাইজ’। অথচ দোকানের মালিক-বিক্রেতারা দর-কষাকষির মাধ্যমে পোশাক বিক্রি করেন। আবার দুটি পোশাকের কেনা দামের সঙ্গে গায়ে লাগানো স্টিকারের দামের পার্থক্য দ্বিগুণেরও বেশি। অযৌক্তিক দামে পোশাক বিক্রি করায় দোকানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পোশাকের ক্রয় রসিদ দেখাতে না পারায় আরেকটি দোকানকেও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের ষোলশহরে চিটাগাং শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে ‘জিনি নিমি’ ও ‘নাদিয়া এম্পোরিয়াম’ নামের দুটি দোকানকে এ জরিমানা করা হয়। এ ছাড়া সুমনা ক্লথ স্টোর ও ইয়াং লেডি নামের দুটি দোকানের মালিককে সতর্ক করে দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। সঙ্গে ছিলেন ক্যাব, চট্টগ্রাম চেম্বার ও পুলিশের সদস্যরা।
জিনি নিমি দোকানটি মেয়েদের তৈরি পোশাক বিক্রি করে। সেখানে ৫ হাজার ১০০ টাকায় কেনা শারারা লেহেঙ্গা ১২ হাজার ৫০০ টাকায় এবং ৪ হাজার ৭৫০ টাকায় কেনা লেহেঙ্গা ৯ হাজার ৮৫০ টাকায় বিক্রি হচ্ছিল। অবশ্য দোকানটির মালিক মো. সোহেল ভ্রাম্যমাণ আদালতের কাছে দাবি করেন, দোকানে দর-কষাকষির মাধ্যমে পোশাক বিক্রি হয়। কিন্তু এর সপক্ষে প্রমাণ দেখাতে পারেননি তিনি।
এরপর আদালত অভিযান চালান ‘নাদিয়া এম্পোরিয়াম’ নামে মেয়েদের তৈরি পোশাক বিক্রির দোকানে। সেখানে বেশির ভাগই লেহেঙ্গা-জাতীয় পোশাক। পোশাকের গায়ে ২৯ হাজার ৫০০ টাকা লাগানো স্টিকার ছিল। কিন্তু দোকানটির মালিকপক্ষ কোনো পোশাকেরই ক্রয় রসিদ দেখাতে পারেনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযান শুরুর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শপিং মলের মালিক সমিতির সঙ্গে বৈঠক করা হয়েছে। পরে বিভিন্ন নির্দেশনা দিয়ে তাঁদের চিঠিও দেওয়া হয়। কিন্তু অভিযানে দেখা গেছে, অনেক মালিকই প্রকৃত দামের তুলনায় অনেক বেশি দামে পোশাক বিক্রি করে ক্রেতাদের ঠকিয়ে যাচ্ছেন। চিটাগাং শপিং কমপ্লেক্সে দু-তিন দিন পর আবারও অভিযান চালানো হবে।
অভিযান চালানোর সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শপিং কমপ্লেক্সের মালিক সমিতির নেতাদের প্রতিটি দোকানে অভিযোগ বাক্স বসানো, ক্রয় রসিদ সংরক্ষণ ও ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করাসহ নানা নির্দেশনা দেন।
এদিকে নগরের আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী কাঁচাবাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দাম, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোয় জাহাঙ্গীর স্টোরকে ২৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম, রঞ্জন চন্দ্র দে ও নাঈমা ইসলাম।
এ ছাড়া আন্দরকিল্লা সাব এরিয়া বাজারে বেশি দামে পণ্য বিক্রি করায় একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা
হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান, শেখ নুরুল আলম ও তাহমিনা আক্তার।