ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার যাত্রীরা ঢাকায় ফেরার পথে নানা বিড়ম্বনায় পড়ছেন। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে লোকাল বাসগুলো। তার পরও মিলছে না আসন। বাসে দাঁড়িয়ে, ছাদে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীর উদ্দেশে ময়মনসিংহ ছাড়ছেন তাঁরা।গতকাল শুক্রবার ময়মনসিংহ থেকে ঢাকাগামী লোকাল বাসস্ট্যান্ড পাটগুদাম এলাকায় গিয়ে দেখা যায়, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের হালুয়াঘাট থেকে আসা ঢাকাগামী বাসগুলো ছাদ বোঝাই করে যাত্রী তুলছিল। ময়মনসিংহ থেকে ঢাকাগামী বিরতিহীন বাসের নির্ধারিত ভাড়া ১৮০ টাকা হলেও লোকাল বাসগুলো গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ২৫০ থেকে ৩০০ টাকা করে যাত্রী তোলে। যেসব যাত্রী আসন পাননি বা বাড়তি টাকায় ঢাকা যাওয়ার সামর্থ্য নেই, তাঁরা ১০০ থেকে ১৫০ টাকায় বাসের ছাদে চড়ছিলেন।বাড়তি ভাড়ার বিড়ম্বনায় পড়ে স্কুলশিক্ষক লুৎফর রহমান দুঃখ করে বলেন, ‘ঈদের ছুটিতে আর বাড়ি আসব না।’অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে জেলা মোটর মালিক সমিতির (কোচ বিভাগ) সম্পাদক বিকাশ সরকার প্রথম আলোকে বলেন, ‘ময়মনসিংহ কাউন্টার থেকে ছেড়ে যাওয়া কোনো বাসেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। ছাদেও যাত্রী পরিবহন করা হচ্ছে না। যে বাসগুলোর বিরুদ্ধে বেশি ভাড়া আদায় ও ছাদে যাত্রী পরিবহনের অভিযোগ করা হচ্ছে, সেগুলো ঢাকা-ময়মনসিংহ পথে চলাচলকারী নিয়মিত বাস নয়। আমরা এদের প্রতিহত করার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।’জেলা পরিবহন শ্রমিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘আমরা সারা দিন তৎপর থাকার পরও সুযোগসন্ধানী কিছু পরিবহন শ্রমিক অতিরিক্ত ভাড়া আদায় করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’