ভোলা-লক্ষ্মীপুর নৌপথের চারটি ফেরিই বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। এই সুযোগে ট্রলারের মাঝিরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছেন। অথচ ঝুঁকিপূর্ণ বলে মে থেকে অক্টোবর পর্যন্ত ওই পথে লঞ্চ ও ট্রলারে যাত্রী পারাপার নিষিদ্ধ। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, এ পথে কামিনী, কিষানি, কপোতী ও কস্তুরী নামে চারটি ফেরি আছে। কামিনী ফেরিটি গতকাল শনিবার ভোরে রামদাসপুর চ্যানেলের চরে আটকে যায়। ফেরি কিষানি ১৬ আগস্ট চরে আটকে যাওয়ার পর এখনো উদ্ধার করা হয়নি। ২৪ আগস্ট থেকে ফেরি কস্তুরী বিকল হয়ে ইলিশা ঘাটে পড়ে আছে। মাওয়া ঘাট থেকে আনা কপোতী নামের আরেকটি ফেরি ২৬ আগস্ট রাতে নষ্ট হয়ে ভোলা ফেরিঘাটে আটকে আছে। এ ছাড়া বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌপথে চলাচলকারী সি-ট্রাক খিজির-৮ গতকাল বিকল হয়ে যায়। গতকাল বেলা ১১টায় গিয়ে দেখা গেছে, ভোলা ফেরিঘাটে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক আটকে আছে। ফেরিঘাটে পড়ে আছে দুটি ফেরি। হাজার হাজার যাত্রী মৃত্যুর ঝুঁকি নিয়ে ছোট ছোট ট্রলারে মেঘনা পার হচ্ছেন। ভোলা সদর উপজেলার বাপ্তার রফিকুল ইসলাম, মঞ্জুর আহমেদ, ভেলুমিয়ার সাদেক; দৌলতখান উপজেলার চরপাতার জাহাঙ্গীর আলমসহ অনেক যাত্রীর অভিযোগ, ফেরি না থাকায় ঝুঁকি নিয়ে তাঁরা ট্রলারে করে ভোলায় এসেছেন। মাঝিরা যাত্রীদের কাছ থেকে ৫০ টাকার স্থলে ১০০-১২০ টাকা আদায় করছেন। ট্রলারমালিক রফিকুল ইসলাম অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করে বলেন, ‘আমরা ৫০ টিহাই পাই বাড়তি টিয়া ঘাটের ইজারাদারকে ঘুষ দিতো চলি যায়।’ একই ধরনের অভিযোগ করেন অন্য ট্রলারের মালিকেরা।ভোলা ফেরিঘাটের ইজারাদার ইফরানুর রহমান বলেন, ফেরি বিকল হয়ে পড়ে থাকায় যাত্রীরা সব ট্রলারে যাচ্ছেন। তবে বাড়তি টাকা নেওয়ার কথা তিনি অস্বীকার করেন। ভোলা সদর থানার আওতাধীন ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক আবদুর রব বলেন, ‘ভোলার ইলিশা ফেরিঘাট থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাট পর্যন্ত মেঘনায় লঞ্চ ও ট্রলারে যাত্রী পারাপার নিষিদ্ধ। কিন্তু ট্রলারে করে পার হওয়ার বিষয়টি জানি না।’