দ্বিগুণ হচ্ছে দুই সিটি করপোরেশনের আয়তন
দুই সিটি করপোরেশনের আওতায় ঢাকা মহানগরের আয়তন ও জনসংখ্যা বাড়ার সিদ্ধান্ত আজ সোমবার চূড়ান্ত হতে যাচ্ছে। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিষয়টি উত্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশনকে আটটি করে ইউনিয়ন দেওয়ার প্রস্তাব উঠবে আজকের সভায়। তবে এর ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়তন ও জনসংখ্যা দক্ষিণ সিটি করপোরেশনের তুলনায় বেশিই থাকছে।
প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ঢাকা মহানগর সম্প্রসারণের আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইতিমধ্যে সম্প্রসারিত এলাকার নকশা সরকারের শীর্ষ পর্যায়ে অনুমোদন পেয়েছে।
মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের এখনকার আয়তন ৮২ দশমিক ৬৩৮ বর্গকিলোমিটার। এর সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হলে উত্তর সিটির মোট আয়তন হবে ১৬০ দশমিক ৭৬৮ বর্গকিলোমিটার। নতুন যুক্ত হওয়া এই আটটি ইউনিয়নের আয়তন ৭৮ দশমিক ১৩ বর্গকিলোমিটার। এগুলো হচ্ছে বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি (খিলক্ষেত)।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিদ্যমান আয়তন ৪৫ বর্গকিলোমিটার। এর সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হলে মোট আয়তন হবে ১০৯ দশমিক ১৯ বর্গকিলোমিটার। নতুনভাবে যুক্ত হওয়া আটটি ইউনিয়নের আয়তন ৬৪ দশমিক ১৭ বর্গকিলোমিটার। এসব ইউনিয়ন হচ্ছে শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, নতুন আটটি ইউনিয়ন উত্তর সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হলে মোট জনসংখ্যা হবে ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ১৭। অন্যদিকে সমানসংখ্যক ইউনিয়ন যুক্ত হওয়ার পর দক্ষিণ সিটি করপোরেশনের জনসংখ্যা হবে ৭৫ লাখ ৫৮ হাজার ২৫ জন।
২০১১ সালের ২৯ নভেম্বর পূর্ববর্তী ঢাকা সিটি করপোরেশনকে বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন আইন অনুযায়ী ৪ ডিসেম্বর ২০১১ থেকে ঢাকা সিটি করপোরেশনকে দুটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়, যা কার্যকর হয় ২০১২ সালের ১ ফেব্রুয়ারি। ওই ১৬টি ইউনিয়ন সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এসব ইউনিয়নের বাসিন্দারা নগরের সুযোগ-সুবিধা ভোগ করলেও কাগজে-কলমে গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতেন। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই সব ইউনিয়নে যাতে ভোট না হয়, সেই প্রস্তুতি আগেই নিয়ে রেখেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই সব ইউনিয়নের বাসিন্দারা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হতে চান। কিন্তু কিছুসংখ্যক জনপ্রতিনিধি এটা চান না। তিনি বলেন, ঢাকার আশপাশে ইউনিয়ন পরিষদ হিসেবে এই বিশাল এলাকা থাকায় সেখানে ১০ তলা ভবন হচ্ছে বা পরিকল্পনাহীন আবাসন হচ্ছে ইউনিয়ন পরিষদের অনুমোদন নিয়ে। সেখানকার নাগরিকদের অনেকে শহরের সুবিধা পেলেও কর দিচ্ছেন না বা খুব কম কর দিচ্ছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সাত-আট মাস ধরে মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করেছে। গত বছরের ৭ অক্টোবর সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সাতটি ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা জেলা প্রশাসন ১৬টি ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে।
নগর গবেষক অধ্যাপক নজরুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, শহুরে আবহের ভেতর গ্রামীণ চরিত্র থাকাটা মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সিটি করপোরেশনের আওতায় ইউনিয়নগুলোকে নেওয়াটা ভালো হয়েছে।
এদিকে সংবিধানের ৫ অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের রাজধানী ঢাকার সীমানা আইনের দ্বারা নির্ধারিত হবে। তবে স্বাধীনতার ৪৪ বছরেও এমন কোনো আইন হয়নি। ফলে নির্ধারণ করা যায়নি রাজধানীর সীমানাও। একেক সংস্থা একেকভাবে এর সীমানা ধরে নিচ্ছে। এতে রাজধানীকে নিয়ে পরিকল্পনা প্রণয়ন ব্যাহত হচ্ছে বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, স্বাধীনতার এত বছর পর রাজধানী ঢাকার সংজ্ঞা নির্ধারণ না হওয়াটা দুঃখজনক। ঢাকার কতটুকু আসলে রাজধানী, তার জবাব কারও জানা নেই। সংবিধানে উল্লেখ থাকলেও এ-সংক্রান্ত কোনো আইন করা হয়নি। বিষয়টি তিনি মাস কয়েক আগে মন্ত্রিপরিষদ সচিবকে লিখিতভাবে জানিয়েছিলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন
প্রস্তাবিত নতুন এলাকা
* বেরাইদ
* বাড্ডা
* ভাটারা
* সাতারকুল
* হরিরামপুর
* উত্তরখান
* দক্ষিণখান
* ডুমনি
* খিলক্ষেত
আয়তন:
ছিল ৮২.৬৩৮ ব.কিমি.
হবে ১৬০.৭৬৮ ব.কিমি.
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
প্রস্তাবিত নতুন এলাকা
* শ্যামপুর
* দনিয়া
* মাতুয়াইল
* সারুলিয়া
* ডেমরা
* মান্ডা
* দক্ষিণগাঁও
* নাসিরাবাদ
আয়তন:
ছিল ৪৫ ব.কিমি.
হবে ১০৯.১৯ ব.কিমি.