দ্বিচক্রযানে বিজয় আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রার আগে সংসদ ভবনের সামনে সেলফি তুলছেন তিন বন্ধু। ছবি : আবদুস সালাম
যাত্রার আগে সংসদ ভবনের সামনে সেলফি তুলছেন তিন বন্ধু। ছবি : আবদুস সালাম

মহান বিজয় দিবস উপল‌ক্ষে আজ বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৈরি গ্রুপ বিডিসাইক্লিস্টস এ র‍্যালির আয়োজন করে।

বাঁধভাঙা বিজয়ের উল্লাস। ছবিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলা। ছবি : আবদুস সালাম
বাঁধভাঙা বিজয়ের উল্লাস। ছবিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলা। ছবি : আবদুস সালাম

সকাল ছয়টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে একে এক জড়ো হতে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাইক্লিস্টরা। আটটা নাগাদ তা পরিণত হয় সাইকেল সমুদ্রে। এ সমুদ্রে যেন ভাসছিল লাল-সবুজ পোশাকে থাকা আরোহীরা।

সকাল সাড়ে আটটার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে র‌্যালি শুরু হয়। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে সকাল নয়টা ৫০ মিনিটে একই জায়গায় শেষ হয় র‌্যালি। কয়েক হাজার সাইক্লিস্টের অংশ গ্রহণে র‌্যালিটি মহাখালী, গুলশান-১, হাতিরঝিল, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, কারওয়ানবাজার এলাকা ভ্রমণ করে।

কুয়াশা কেটে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবিটি তেজগাঁও এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম
কুয়াশা কেটে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবিটি তেজগাঁও এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

এই র‍্যালিতে অংশ নিতে মুন্সিগঞ্জ থেকে সকাল ছয়টায় সাইকেল চালিয়ে আসেন মো. জীবন। তিনি বলেন, ‘আমরা সাত সকালে সাইকেল চালিয়ে এসেছি। প্রতি বছর র‌্যালিতে অংশ নিতে চেষ্টা করি।’

হাতিরঝিলে শোভাযাত্রা। ছবি: আবদুস সালাম
হাতিরঝিলে শোভাযাত্রা। ছবি: আবদুস সালাম

বিডিসাইক্লিস্টস -এর অ্যাডমিন মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘২০১২ সাল থেকে আমরা এ র‌্যালি আয়োজন করে আসছি। প্রথম দিকে সাইক্লিস্টের সংখ্যা খুব কম ছিল। এখন অনেক বেড়েছে। ঢাকা শহরে যানজট একটি অন্যতম সমস্যা। যানজট সমস্যা ও পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে সহায়ক হতে পারে আমাদের সাইকেলগুলো। র‌্যালির মাধ্যমে আমরা এ তথ্যই সবার কাছে পৌঁছে দিতে চাই।’ তিনি বলেন, যে কেউ ফেসবুকে তাঁদের গ্রুপে অংশ নিতে পারে।

আয়োজকেরা জানান, র‌্যালি উপলক্ষে টি শার্ট তৈরি করা হয়। এর বিক্রয় মূল্যের একটি অংশ দিয়ে আগামীকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলায় ছয়টি দুস্থ পরিবারকে ছয়টি রিকশা কিনে দেওয়া হবে।