জামায়াত-শিবিরসহ উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ‘সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের’ দ্বিতীয় জাতীয় কনভেনশন। সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হওয়া এই কনভেনশনে বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত থাকবেন। এর আগে গত ২৮ মে প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার রাজধানীর টেনিস কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কনভেশন সফল করতে সব অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মঞ্চের সদস্য সচিব নূর মোহাম্মদ তালুকদার বলেন, জামায়াত-শিবির চক্র দেশে হরতালের নামে জনগণের জানমাল ও সম্পদের ক্ষতি করছে। সন্ত্রাস, হত্যা, খুন, যানবাহনে অগ্নিসংযোগ করে দেশকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিচ্ছে। নব্য দোসর হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়ে ৫ মে ঢাকা অবরোধের নামে সহিংস কর্মকাণ্ড করেছে। আক্রমণ করেছে নারী সাংবাদিককে। স্বার্থ আদায়ের জন্য কোরআন শরিফ পোড়াতেও দ্বিধা করেনি তারা। এসব অপচেষ্টায় সহায়তা করছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সাম্রাজ্যবাদী ও প্রতিক্রিয়াশীল বিদেশি শক্তি, আর পৃষ্ঠপোষকতা করছে বিএনপি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সম্প্রতি আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান শায়খ জসীম রাহমানী এবং তাঁর কয়েকজন সহযোগী গ্রেপ্তার হওয়ায় উদ্ঘাটিত হয়েছে যে দেশে আরও অনেক জঙ্গি গ্রুপ তৎপর রয়েছে। এতে আরও বলা হয়, সরকারের শরিক দলের নেতৃস্থানীয় কিছু ব্যক্তি ও তাঁদের সহযোগী যুব ও ছাত্র সংগঠনের তৃণমূল পর্যায়ের ব্যাপক দুর্নীতি, জনবিচ্ছিন্নতা, জনপ্রশসানে জবাবদিহিতার অভাব, শেয়ারবাজার, হল-মার্ক, ডেসিটিনি ও রানা প্লাজা দুর্ঘটনার কারণে জনমনে ক্ষোভ ও হতাশা রয়েছে। এগুলো সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের জাল বিস্তারে অনুকূল পরিবেশ সৃষ্টি করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঞ্চের সমন্বয়ক অজয় রায় বলেন, জামায়াতের ভোট আওয়ামী লীগ অথবা মহাজোট পাবে, এমনটা যারা ভাবে তারা বোকার স্বর্গে বাস করে।
সংবাদ সম্মেলনে মঞ্চের যুগ্ম সমন্বয়ক জিয়া উদ্দিন তারেক আলী, সভাপতিমণ্ডলীর সভাপতি এস এম এ সবুর, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের সাধারণ সম্পাদক আবদুস সামাদ, শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।