পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে যে ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে, সেগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন চারটি হাটের জন্য দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করেও কাঙ্ক্ষিত দাম ওঠেনি। প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় দাম বাড়লেও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এটা আশানুরূপ হয়নি।
দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার এই হাটগুলোর জন্য দরপত্রের বাক্স খোলা হয়। তাতে দেখা যায়, প্রথম দফার দরপত্রে যে চার ব্যক্তি সর্বোচ্চ দরদাতা হয়েছিলেন, দ্বিতীয় দফাতেও তাঁরাই সর্বোচ্চ দরদাতা হয়েছেন। সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তার অভিযোগ, ‘সিন্ডিকেটের’ কারণেই দরপত্র কম জমা পড়েছে এবং কাঙ্ক্ষিত দাম ওঠেনি।
দক্ষিণ সিটি করপোরেশন সম্পত্তি বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হাটগুলোর মধ্যে আরমানিটোলা খেলার মাঠের সর্বোচ্চ দাম ওঠে চার কোটি এক লাখ টাকা। প্রথম দফায় দাম উঠেছিল দুই কোটি ১১ হাজার ৫০১ টাকা। দুই দফাতেই সর্বোচ্চ দাম ওঠান মো. ইলিয়াস রশীদ। এই হাটের জন্য দ্বিতীয় দফায় তিনটি দরপত্র জমা পড়ে। গত বছর এই হাটের সর্বোচ্চ দাম উঠেছিল চার কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা।
খিলগাঁও মেরাদিয়া হাটে দ্বিতীয় দফায় সর্বোচ্চ দাম ওঠে ১৯ লাখ এক হাজার টাকা। অথচ প্রথম দফাতেই সর্বোচ্চ দাম উঠেছিল ২০ লাখ ৫০ হাজার টাকা। প্রথমবারের মতো এবারও সর্বোচ্চ দরদাতা হয়েছেন মো. শরীফ। তিনি খিলগাঁও ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। এই হাটের জন্য চারটি দরপত্র জমা পড়েছিল। গতবার এই হাটের সর্বোচ্চ দাম উঠেছিল ৩৭ লাখ ৫৫ হাজার টাকা।
সাদেক হোসেন খোকা মাঠের জন্য দ্বিতীয় দফায় ২৭ লাখ এক হাজার টাকা দাম ওঠে। এই দাম দিয়ে সর্বোচ্চ হন রশিদুল হক ভূঁইয়া। এবার চারটি দরপত্র জমা পড়ে। প্রথম দফাতেও রশিদুল হক সর্বোচ্চ দাম তুলেছিলেন। তখন দাম উঠেছিল ২৬ লাখ ৫১ হাজার টাকা। আর গতবার দাম উঠেছিল ২৬ লাখ টাকা।
উত্তর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠের জন্য দ্বিতীয় দফায় দাম ওঠে পাঁচ লাখ ৫৫ হাজার টাকা। দরপত্র জমা পড়ে তিনটি। প্রথমবারের মতো এবারও সর্বোচ্চ দরদাতা হন কাজী কামরুল। প্রথমবার এই হাটের দাম ওঠে পাঁচ লাখ ৫০ হাজার টাকা। আর গত বছর দর ছিল পাঁচ লাখ ৪০ হাজার টাকা।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ গতকাল বলেন, এখন দ্রুত দরপত্র কমিটির সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আশানুরূপ দাম ওঠেনি। তাই কোনো কোনো হাটের জন্য প্রয়োজনে আবার দরপত্র আহ্বান করা হতে পারে।
ঈদের আগের তিন দিন ও ঈদের দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীন ১৯টি অস্থায়ী হাট বসবে।
এই হাটগুলোর মধ্যে ১৫টি হাটের ইজারা দেওয়ার জন্য দরপত্রের প্রাথমিক কাজ শেষ করেছে দুই সিটি করপোরেশন। তাতে দেখা যায়, বেশ কয়েকটির সর্বোচ্চ দরদাতা হয়েছেন ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতারা।
মোট ১৯টি হাটের মধ্যে দক্ষিণ সিটির অধীনে ১০টি ও উত্তর সিটির অধীনে নয়টি। এ ছাড়া গাবতলীতে একটি স্থায়ী হাট রয়েছে।