দ্বিতীয় দিনে আ.লীগের মনোনয়নপত্র বিক্রি ৪৭৬টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রি করে সাড়ে সাত কোটি টাকা আয়ের পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। দ্বিতীয় দিনেও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রমকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
গতকাল সোমবার দ্বিতীয় দিনে ৪৭৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। গতকাল রংপুর-৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করার মধ্য দিয়ে বিক্রির কার্যক্রম শুরু হয়। এর আগে গত রোববার গোপালগঞ্জ-৩ আসনের জন্য শেখ হাসিনার পক্ষে আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বাগেরহাটের একটি আসনের জন্যও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরেকটি মনোনয়নপত্র কেনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার মনোনয়নপত্র বিক্রি হয় ৬৭৮টি। গত দুই দিনে বিক্রি হয়েছে এক হাজার ১৫৪টি এবং জমা পড়েছে ৩১২টি মনোনয়নপত্র। মনোনয়নপত্র বিক্রি করে দুই দিনে আয় হয়েছে দুই কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা। এবার প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা।
আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য এ মনোনয়নপত্র বিক্রি করে সাড়ে সাত কোটি টাকা আয় করা। যেভাবে মনোনয়নপত্র বিক্রি হচ্ছে আশা করা যাচ্ছে এ লক্ষ্যমাত্রা পূরণ হবে।’
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কোষাধ্যক্ষ এ এইচ এন আশিকুর রহমান। এ সময় রংপুর বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এই আসনে আওয়ামী লীগের সভানেত্রী মনোনয়ন নেওয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রতিবারের মতো এবারও তিনি এই আসনে প্রার্থী হবেন। আমরা দলমত-নির্বিশেষে তাঁর জয়ের জন্য কাজ করব।’
মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে ঢাকা বিভাগ থেকে শেখ ফজলুল করিম সেলিম, মজিবুর রহমান ফকির, কামরুল ইসলামসহ ১২৬ জন; চট্টগ্রাম বিভাগ থেকে মোশাররফ হোসেন, সুজিত রায় নন্দীসহ ১০৪ জন; রাজশাহী বিভাগে শামসুল হকসহ ৫৭ জন; খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানসহ ৫৬ জন; বরিশাল বিভাগে আমির হোসেন আমুসহ ৫৩ জন; রংপুর বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালিদ মাহমুদ চৌধুরীসহ ৪৬ জন এবং সিলেট বিভাগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ ৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গতকালও সকাল ১০টা থেকে মনোনয়নপ্রত্যাশীরা মোটরসাইকেল শোভাযাত্রা, ঢোল-তবলা ও বর্ণাঢ্য মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন। অধিকাংশই ছিল বয়সে তরুণ।
বিকেলে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বলেন, ‘হরতালনামক জনস্বার্থবিরোধী কর্মসূচি চললেও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। এবারও আওয়ামী লীগ জয়ের মুকুট ছিনিয়ে আনবে।’