সেমিনার, গান ও চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা ও পাবনার কন্যা সুচিত্রা সেনের স্মরণে পাঁচ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন পার হয়েছে।
বিকেল সাড়ে চারটায় শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে সেমিনারের বিষয় ছিল ‘সুচিত্রা সেন ও পুরোনো বাংলা সিনেমার ঐতিহ্য’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র গবেষক, লেখক ও সাংবাদিক অনুপম হায়াত। প্রবন্ধর ওপর আলোচনা করেন চলচ্চিত্রবিদ্যার শিক্ষক সাজেদুল আউয়াল। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান এম আব্দুল আলীম।
অনুপম হায়াত বলেন, সুচিত্রা সেনের আসল নাম রমা। তিনি ভালো গান করতেন। চেয়েছিলেন গায়িকা হতে। কিন্তু স্বামী দিবানাথ ও আরও কিছু কারণে তিনি নায়িকা হয়ে গেলেন। উত্তম কুমারের সঙ্গে টানা আটটি ছবিতে অভিনয় করেন তিনি। পর্দায় দুজনে হয়ে ওঠেন দুজনের প্রেমে বিরহে মিলনে পরিপূরক। সুচিত্রা-উত্তম হয়ে ওঠে রোমান্টিক জুটি।