দ্বিতীয় দিনে শতাধিক স্থাপনা উচ্ছেদ
নীলফামারীর সৈয়দপুর শহরে রেলের জমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। অভিযানের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রথম দিন গত বুধবার অভিযানের সময় উচ্ছেদকারী দলের ওপর হামলা চালানোর অভিযোগে গতকাল মামলা হয়েছে।
গতকাল সকালে সৈয়দপুর রেলস্টেশনের পশ্চিম অংশের একটি খাবার হোটেল গুঁড়িয়ে দেওয়া হয়। পরে বুলডোজার নিয়ে যাওয়া হয় বিমানবন্দর সড়কে। ওই স্থানে নতুন নির্মিত একটি বিপণিবিতান গুঁড়িয়ে দেওয়া হয়।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলের পাকশী বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) মোস্তাক আহমেদ। আগের দিন সৈয়দপুর শহরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
নাশ প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করেন, উচ্ছেদকাজে একটি মহল ভয়ভীতি দেখাচ্ছে। ফলে রেলের জমিতে যেসব বহুতল ভবন গড়ে উঠেছে, তা আপাতত উচ্ছেদ হচ্ছে না। এ প্রসঙ্গে ডিইও বলেন, ‘অবৈধ মানেই অবৈধ। কোন কোন ব্যবসায়ীর কাছে বৈধ ইজারার কাগজপত্র রয়েছে, তা খতিয়ে দেখছি আমরা।’
সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, উচ্ছেদকাজে আইনশৃঙ্খলা রক্ষায় দেড় শ পুলিশ, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া উচ্ছেদকাজে অংশ নিয়েছেন দুই শতাধিক রেলওয়ে শ্রমিক। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।