দ্বিতীয় দিনে সাক্ষ্য দিলেন আটজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় শিশু রাকিব (১২) হত্যা মামলায় গতকাল সোমবার টানা দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এদিন খুলনা মহানগর দায়রা জজ আদালতে রাকিবের মা লাকি বেগম ও বোন রিমিসহ আটজন সাক্ষ্য দেন। গত দুদিনে এ নিয়ে এ মামলার মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। আজ মঙ্গলবার আরও সাতজনের সাক্ষ্য গ্রহণ করার কথা।

আদালত সূত্রে জানা গেছে, বেলা পৌনে একটা থেকে দুইটা পর্যন্ত আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এঁদের মধ্যে ছিলেন রাকিবের মা লাকি বেগম, বোন রিমি, খালা রোকসানা আক্তার, শরীফ মোটরসের জমির মালিক সেলিনা রহমান, রাকিবের প্রতিবেশী সুজন শরীফ, খাদিজা বেগম, রাকিবের মাকে প্রথম সংবাদ দেওয়া প্রতিবেশী শহীদুল শেখ এবং খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচারকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুর্গাপদ বাউলিয়া। রাকিবকে প্রথমে এই হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্ভব নয় মনে করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান দুর্গাপদ বাউলিয়া।

আদালতে রাকিবের মা বলেন, প্রতিবেশী শহীদুলের কাছ থেকে খবর পেয়ে মেয়েকে সঙ্গে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন, রাকিবের পেট ফোলা এবং মেঝেতে ছটফট করছে। এ সময় রাকিব তাঁকে ওই দিনের ঘটনা বলে। বারবার সে বাঁচার জন্য আকুতিও জানায়।

মামলার বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাক্ষ্য গ্রহণকালে তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষীরা তাঁদের শনাক্ত করেন।

৫ অক্টোবর শুনানি শেষে মামলার তিন আসামি শরীফ মোটরসের মালিক মো. শরীফ, মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর ১১ অক্টোবর থেকে টানা পাঁচ দিন সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা।

গত ২৫ আগস্ট খুলনা মহানগর হাকিম আদালতে তিনজনকে অভিযুক্ত করে এবং ৪০ জনকে সাক্ষী রেখে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক কাজী মোস্তাক আহম্মদ। অভিযুক্ত তিনজন হলেন নগরের টুটপাড়া কবরখানার পাশের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক মো. শরীফ, তাঁর সহযোগী মিন্টু এবং শরীফের মা বিউটি বেগম।

গত ৩ আগস্ট বিকেলে মোটরসাইকেলের হাওয়া দেওয়া কমপ্রেসর মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পরদিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে তিনজনের নামে খুলনা সদর থানায় হত্যা মামলা করেন।