বুড়িগঙ্গা সেতুকে টোলমুক্ত করার দাবি যানবাহন চালক–শ্রমিক ও মালিকদের
দ্বিতীয় দিনের মতো অবরোধ

বুড়িগঙ্গা প্রথম চীন-মৈত্রী সেতু টোলমুক্ত করার দাবিতে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেছেন যানবাহনের চালক-শ্রমিক ও মালিকেরা। এতে সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। ফলে ওই পথে চলাচলকারী যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
সেতু টোলমুক্ত সংগ্রাম পরিষদের আহ্বায়ক ইমদাদুল হক বলেন, ‘আমরা এই সেতুর টোল সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এতে যাত্রী ও মালামাল পরিবহনে সাময়িক অসুবিধা হলেও তাদের স্বার্থেই আমরা কর্মসূচি পালন করছি।’
তবে কেরানীগঞ্জ সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এস এম খায়রুল ইসলাম বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখনো টোল আদায় করছি। পরবর্তী সময়ে অন্য কোনো সিদ্ধান্ত এলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’
গতকাল ভোর থেকে সেতুর দক্ষিণ প্রান্তে ও ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন অবরোধকারীরা। অবরোধ চলাকালে রাজধানী ঢাকা থেকে খুলনা, বরিশাল, ফরিদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, দোহার, কেরানীগঞ্জসহ বেশ কয়েকটি রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সীমিত আকারে ভ্যান ও রিকশা চলাচল করলেও অবরোধকারীরা সেগুলোতেও বাধা দেন।
বরিশাল থেকে আসা বাসযাত্রী আবদুর রহিম বলেন, তিনি সায়েদাবাদ যাবেন। মুন্সিগঞ্জের নিমতলী এলাকায় একাধিকবার সিএনজি অটোরিকশার চালকেরা তাদের বাসটি বাধা দেন। কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় পৌঁছার পর যানবাহনের চালক ও শ্রমিকেরা তাঁদের বাস আটকে দিয়ে যাত্রীদের নামিয়ে দেন। পরে কয়েক কিলোমিটার হেঁটে তিনি পোস্তগোলায় পৌঁছান।
খুলনার উদ্দেশে যাত্রাবাড়ী থেকে বাসে ওঠেন রেহানা বেগম। তিনি বলেন, ‘আমাদের বাসটি সেতুর কাছে আসামাত্র যানবাহনের শ্রমিকেরা সেতুতে উঠতে না দিয়ে নামিয়ে দেন। কোনোমতে ভ্যানে করে দুই ছেলে, এক মেয়ে ও মালামাল নিয়ে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় এসেছি। এরপর আর বাস পাচ্ছি না।’ তিনি আরও বলেন, সেতুর টোল নিয়ে যানবাহনের শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। কিন্তু আমরা যাত্রীরা পড়েছি বিপাকে।
ঢাকা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. ওসমান গনি বলেন, ‘ঢাকায় ঢোকা ও বের হওয়ার মুখে যে সেতুগুলো আছে তার মধ্যে কেবল এই সেতুতে টোল দিতে হয়। বাস্তবতা বিবেচনা করে অন্যগুলো আগেই টোলমুক্ত করা হয়েছে। পরিবহন শ্রমিক-চালক ও মালিকদের দাবি এই সেতুটি টোলমুক্ত করে দেওয়া হোক। অন্যায়ভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে আমরা তা মানব না। প্রয়োজনে সারা দেশে পরিবহন ধর্মঘটে ডাকা হবে।’
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ‘সমস্যা সমাধানের জন্য সওজ কর্তৃপক্ষ ও অবরোধকারীদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আশা করছি, শিগগিরই একটি সুরাহা হবে।’