দ্বিতীয় দিনের সহিংসতা আরও ব্যাপক
১৮-দলীয় জোটের টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবার দেশের অনেক স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। প্রথম দিনের চেয়ে গতকালের সহিংসতার মাত্রা ছিল আরও ভয়াবহ।
হরতাল-সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে কিশোরগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর, ভোলা, বরগুনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ অনেক জায়গায়।
১৮-দলীয় নেতা-কর্মীদের সঙ্গে র্যাব-পুলিশের সংঘর্ষ হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড, ঢাকার সাভার, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, পাবনা, কুড়িগ্রামসহ বিভিন্ন স্থানে।
আর আওয়ামী লীগের নেতা-কর্মী, তাঁদের বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে সাতক্ষীরা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, গাইবান্ধা, বরগুনাসহ আরও কয়েকটি স্থানে। কোথাও কোথাও বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ও তাদের দলীয় কার্যালয়েও হামলা হয়েছে।
এ ছাড়া দেশের আরও অনেক জায়গায় হামলা, বিস্ফোরণ, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় র্যাব-পুলিশের অন্তত ২৫ সদস্যসহ ছয় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। যাত্রীবাহী বাস, ট্রাক, মোটরসাইকেলসহ শতাধিক যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আটক করা হয়েছে বিএনপি-জামায়াতের দেড় শতাধিক নেতা-কর্মী-সমর্থককে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাতক্ষীরার কলারোয়া, জয়পুরহাটসহ কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বিভিন্ন স্থান থেকে নিজস্ব প্রতিবেদক, স্থানীয় কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ: কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় পুলিশও রাবারের গুলি ছোড়ে। সংঘর্ষে বিএনপির দুজন এবং আওয়ামী লীগের সাত কর্মী গুলিবিদ্ধ হন। আহত হন বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজিম উদ্দিন, উপপরিদর্শক বদিউজ্জামান, হাবিবুর রহমান ও কনস্টেবল আলাউদ্দিন।
জয়পুরহাটে ১৮-দলীয় জোট, পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জয়পুরহাট-২ আসনের (ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর) সাংসদ গোলাম মোস্তফাসহ সাতজন আহত হন। বেলা সাড়ে ১১টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
দিনাজপুরে অ্যাম্বুলেন্সসহ ৩৩টি যানবাহন ভাঙচুর করেছে পিকেটাররা। তাদের ইটের আঘাতে পুলিশের এক কর্মকর্তার মাথা ফেটে গেছে। আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের সংঘর্ষে আহত হন ২৫ জন। পুলিশ ১৬ জনকে আটক করেছে।
নওগাঁর পোরশা উপজেলার শিশা বাজারে আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মহাদেবপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ভাঙচুর করেন যুবদল ও ছাত্রদলের কর্মীরা। লালমনিরহাটের পাটগ্রামে হরতাল-সমর্থক ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষে তিনজন আহত হন। ভাঙচুর করা হয়েছে তিনটি দোকান।
জামালপুরের সরিষাবাড়ীতে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। এ সময় ছাত্রদলের এক কর্মী গুলিবিদ্ধ হন। সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন নেতা-কর্মী আহত হন।
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে সাংবাদিক, পৌর মেয়রসহ অন্তত ১০ জন আহত হন। হরতাল-সমর্থকেরা সাংবাদিকদের মোটরসাইকেলসহ ২০টি গাড়ি ভাঙচুর করে।
যশোর শহরের চাঁচড়া বাজার ও যশোর-বেনাপোল সড়কের নতুন হাটবাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে আওয়ামী লীগের নেতাসহ ছয়জন আহত হন। দুই দিনে পুলিশ আটক করেছে ৫৪ জনকে।
ভোলার বোরহানউদ্দিনে রোববার রাতে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়। গতকাল পুলিশ-পিকেটার সংঘর্ষে আরও তিনজন গুলিবিদ্ধসহ আহত হয় ১৩ জন। পিকেটাররা ১১টি গাড়ি ভাঙচুর করে।
বরগুনার আমতলী, তালতলী, বগী বাজার ও পাথরঘাটার কাকচিঁড়া বাজারে আওয়ামী লীগের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে ৪০ নেতা-কর্মী আহত হন। অগ্নিসংযোগ করা হয়েছে ১১টি মোটরসাইকেলে। আমতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাটে বিএনপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন পটিয়া থানার পুলিশ পরিদর্শক শেখ নেয়ামতসহ অন্তত ১০ জন।
নারায়ণগঞ্জে জেলার বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ-আওয়ামী লীগ-সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে অর্ধশত আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। বিস্ফোরণ ঘটানো হয় ১৫টির বেশি ককটেল। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। জেলার সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট এলাকায় টায়ার জ্বেলে মহাসড়ক অবরোধ করে রাখে হরতাল-সমর্থকেরা। এ সময় পিকেটাররা ২০-২৫টি যানবাহন ভাঙচুর করে।
হরতাল-সমর্থকের সঙ্গে র্যাব-পুলিশের সংঘর্ষ: চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় পুলিশ ও হরতালকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পিকেটারদের ইটপাটকেলের আঘাতে চট্টগ্রামের (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার ফরিদ উদ্দীনসহ র্যাবের তিন সদস্য ও পুলিশের তিন সদস্য আহত হন। এ সময় পুলিশের গুলিতে দুই নারী গুলিবিদ্ধসহ আহত হন ১৫ জন। পিকেটাররা একটি ট্রাক ও একটি বাসে আগুন দেয়। এ ছাড়া আওয়ামী লীগের দুই কর্মীর দোকানে আগুন ও মার্কেন্টাইল ব্যাংক ভবনের কাচ ভাঙচুর করা হয়।
এর আগে রোববার রাতে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দীনকে কুপিয়ে জখম করে মুখোশধারীরা। আটক করা হয় ১২ জনকে।
কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন আহত হয়। হরতালকারীরা নগরের বিভিন্ন স্থানে ৫০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
গাজীপুর সদরের হোসেন মার্কেট এলাকা, শ্রীপুর উপজেলার ঢাকা-কাপাসিয়া সড়কের ধলাদিয়া ও ভূতের বাজারের শাল এবং চেরাগআলী এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। চারটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা। গাজীপুর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির কাচ ভাঙচুর ও একটি লেগুনায় অগ্নিসংযোগ করা হয়।
ঢাকার সাভারে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হন ১০ জন। ভাঙচুর করা হয় তিনটি যানবাহন।
পাবনার বেড়ায় পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষে ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ গুলি ছুড়লে আট পিকেটার গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশের দুই সদস্যও আহত হন। বগুড়ার দুপচাঁচিয়ার তালুচ বাজারে হরতাল-সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়। পিকেটাররা একটি দোকান ভাঙচুর করে।
কুড়িগ্রামের রৌমারীতে রোববার রাতে আওয়ামী লীগ ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে ১০ জন আহত হয়। এ সময় দুই দলের কার্যালয়সহ সাতটি দোকানে অগ্নিসংযোগ করা হয়।
খুলনায় সংঘর্ষ হয় শিবিরের সঙ্গে পুলিশের। পুলিশ সোনাডাঙ্গা থানা শিবিরের সভাপতি সাইফুল্লাহকে আটক করে। ফরিদপুরের সালথায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই কর্মকর্তাসহ চার পুলিশ এবং আরও আটজন আহত হন। জেলা শহর থেকে পুলিশ আটক করেছে যুবদলের ছয় কর্মীকে।
নোয়াখালীর চাটখিল পৌর শহরে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন সাতজন। আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুর করেন বিএনপি-জামায়াতের কর্মীরা। ফেনীতে পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও বিভিন্ন স্থানে আটটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
আ.লীগের নেতা-কর্মী ও বাড়িতে হামলা: সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা এলাকায় হরতালের সমর্থনে ১৮-দলীয় জোটের মিছিলে বাধা দেওয়ায় কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়েছে। পরে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির এক কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেছেন। জারি করা হয়েছে ১৪৪ ধারা।
যশোরের কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ও ছাত্রলীগের সভাপতি অলোক চক্রবর্তীকে কুপিয়ে জখম করেছে হরতাল-সমর্থকেরা। আওয়ামী লীগের কর্মীরা গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভেঙে দিয়েছেন। জেলার অভয়নগরে পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিশ্বাসকে পিকেটাররা হাতুড়ি দিয়ে পেটায়। পরে তাঁর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহরে নিমতলী এলাকায় শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল মাহমুদ খানের বাড়িতে হামলা চালায় হরতাল-সমর্থকেরা। এ সময় বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দুলহান উদ্দীনের ওপর হামলা চালানো হয়। গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদ চৌধুরীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় হরতাল-সমর্থকেরা। এ ছাড়া গোবিন্দগঞ্জে ১৮ দলের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে তিনজন আহত হন।
নেত্রকোনায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খান রোববার সন্ধ্যায় হরতাল-সমর্থকদের ঢিলে মাথায় আঘাত পান। এ ঘটনার পর শহরের জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খানের বাসাসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অর্ধশতাধিক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায় আওয়ামী লীগের সমর্থকেরা। এ সহিংসতায় আহত হন ১৫ জন। আটপাড়া উপজেলায় আওয়ামী লীগের এক কার্যালয় ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা।
বরগুনার আমতলীতে আওয়ামী লীগের ছয় সমর্থককে পিটিয়ে জখম করেছে হরতাল-সমর্থকেরা।