দ্বিতীয় পর্বের ইজতেমা কাল শুরু
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে চার দিন পর কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গতকাল বুধবার ভোর থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। অবরোধের মধ্যে বহু মুসল্লি এরই মধ্যে অবস্থান নিয়েছেন ময়দানে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও সমানসংখ্যক মুসল্লি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
টঙ্গীর তুরাগতীরে ৯ জানুয়ারি শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয় ১১ জানুয়ারি। মাঝে চার দিন বিরতি দিয়ে আগামীকাল শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
ইজতেমা ময়দানে গিয়ে দেখা গেছে, মুসল্লিরা মালামালের ব্যাগ, বস্তা, লাগেজ, কাপড়ের পুঁটলি নিয়ে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিয়েছেন। হেঁটে, ট্রাকে, পিকআপে যে যেভাবে পেরেছেন, ইজতেমাস্থলে পৌঁছেছেন।
তাবলিগ জামাতের উদ্যোগে প্রতিবছর এ ইজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গীর তুরাগতীরে। ১৬০ একর এলাকাজুড়ে বিস্তৃত ইজতেমা মাঠে বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। তাঁরা এখানে তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের তাবলিগ অনুসারীরা মিলিত হন এ ইজতেমায়।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, ইজতেমায় আইনশৃঙ্খলা নিয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশের এক ব্রিফিং অনুষ্ঠিত হবে।